ভারতের আসামে বিভিন্ন বিভাগে ২৭ হাজার সরকারি পদ পূরণের জন্য প্রার্থীরা একটি বড় নিয়োগ পরীক্ষায় ইতোমধ্যে বসতে শুরু করেছে। পরীক্ষার্থী যেন পরীক্ষায় কোন প্রতারণা না করতে পারে এজন্য রাজ্য সরকার পরীক্ষার সময় কেন্দ্রগুলির চারপাশে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছে। খবর এনডিটিভির।
পরীক্ষাটি রাজ্যের বৃহত্তম নিয়োগের অংশ। এই পরীক্ষায় প্রায় ১৪ লক্ষ শিক্ষার্থী উপস্থিত হবে বলে জানা গেছে। ভারতের সরকার জানিয়েছে, যে সমস্ত জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেখানে ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে না।
দেশটির সরকার আরও বলেছে, কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সিআরপিসি) ১৪৪ ধারা জারি করা হবে কারণ প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পরীক্ষার নিয়মের অংশ হিসেবে পরীক্ষার্থীদের পাশাপাশি পরিদর্শকদের পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা অন্য কোনও ইলেকট্রনিক গ্যাজেট বহন করতে নিষেধ করা হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পরীক্ষা কেন্দ্রের ভিডিও করার নির্দেশ দেওয়া হয়েছে।
পরীক্ষার আগে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করতে জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেছেন।
বৈঠকে মুখ্যমন্ত্রী কর্মকর্তাদের বলেছিলেন, পরীক্ষা পরিচালনার সময় কোনও আত্মতুষ্টি থাকা উচিত নয়।
দেশটিতে গ্রেড-৩ ও গ্রেড-৪-এর পদ পূরণের প্রথম ধাপের পরীক্ষা আজ ২১ আগস্ট, ২৮ আগস্ট ও ১১ সেপ্টেম্বর হবে।