ধোবাউড়ায় বৃষ্টির অভাবে আমন চাষ ব্যাহত

ধোবাউড়ায় দাবদাহে ব্যাহত হচ্ছে আমন ধান রোপণ কার্যক্রম। কিছু কিছু এলাকায় রোপণ কাজ সম্পন্ন হলেও ফেটে যাচ্ছে ফসলের মাঠ। এতে বিপাকে পড়েছেন কৃষকরা।

জানা যায়, আমন ধান রোপণ কার্যক্রম সাধারণত বৃষ্টির ওপর নির্ভরশীল। কিন্তু গত এক মাসেরও বেশি সময় ধরে ধোবাউড়ায় বৃষ্টির দেখা নেই। অন্যদিকে দাবদাহে আমন রোপণের জন্য প্রতিকূল পরিবেশের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও রোপণ করা গেলেও ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এক মাস পূর্বে যেসব জমিতে পানি ছিল, সেসব জমিতেও এখন পানির অভাবে ফাটল দেখা দিয়েছে।

সিঙ্গুরা গ্রামের কৃষক রুবেল মিয়া বলেন, বৃষ্টির অভাবে আমার পাঁচ একর জমির ফসল নষ্ট হওয়ার পথে।

বতিহালা গ্রামের কৃষক আ. হাই বলেন, জমি চাষ করে রেখেছি; কিন্তু বৃষ্টির অভাবে রোপণ করা যাচ্ছে না।

উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, ধোবাউড়ায় ১৩ হাজার হেক্টর জমিতে আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৃষ্টি না হওয়ায় এখন পর্যন্ত মাত্র ৬০ ভাগ রোপণ সম্পন্ন করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সারোয়ার তুষার বলেন, বৃষ্টি না হলে রোপণকৃত আমন নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা ধানখেত টিকিয়ে রাখতে কৃষকদের পরামর্শ দিচ্ছি।