চলতি মৌসুমে বোরোর বাম্পার ফলন হলেও কৃষক হতাশ। কারণ, ধানের দাম নেই। লাভতো দূরের কথা ধান বিক্রি করে উত্পাদন খরচই উঠছে না। এ অবস্থায় কৃষকদের কাছ থেকে আরো আড়াই লাখ টন বোরো ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার নতুন করে আরো বোরো ধান কেনার এ ঘোষণা দেন। এ সময় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও খাদ্য সচিব শাহবুদ্দিন আহমদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে মৌসুমের শুরুতে দেড় লাখ টন বোরো ধান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। সবমিলিয়ে মোট ৪ লাখ টন ধান কেনা হবে। এছাড়া চলতি বোরো মৌসুমে ১০ লাখ টন সিদ্ধ চাল, দেড় লাখ টন আতপ চাল এবং ৫০ হাজার টন গম কিনবে সরকার। গত ২৫ এপ্রিল থেকে সারাদেশে অভ্যন্তরীণ বাজার থেকে এ ধান-চাল কেনা শুরু হয়েছে। এ বছর প্রতি কেজি ধানের ক্রয়মূল্য ২৬ টাকা ও চাল ৩৬ টাকা নির্ধারণ করেছে সরকার।
সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী বলেন, চলতি বোরো মৌসুমে ধানের উত্পাদন বেশি হওয়ায় দাম একটু কমেছে। তাই কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতেই নতুন করে আরো ধান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষকের কাছ থেকে সরাসরি এ ধান কেনা হবে। এখন পর্যন্ত কৃষকের কাছ থেকে ৩০ হাজার টন ধান কেনা হয়েছে বলে খাদ্যমন্ত্রী জানান।
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন কীভাবে ধানের দাম বাড়ানো যায়। আমরা কৃষকের কাছ থেকে আরও আড়াই লাখ টন ধান কিনব। এতে বাজার না উঠলে ধান কেনার পরিমাণ আরো বাড়াব।
কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার ক্ষেত্রে আর্দ্রতা প্রধান সমস্যা উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, এ সমস্যা দূর করতে ৩ হাজার আর্দ্রতা পরিমাপ করার মিটার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব মিটার ইউনিয়ন পর্যায়ে বিতরণ করা হবে। যাতে কৃষকরা নিজেরাই তাদের ধানের আর্দ্রতা পরিমাপ করতে পারেন।