আড়াইহাজারে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা স্বামী গ্রেফতার

এক মাস পাঁচ দিন পর জানা গেল স্ত্রী মহিতুন বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পর নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচারণা চালিয়েছিল স্বামী আব্দুর রব।

আড়াইহাজার উপজেলার বাজবী মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। শনিবার রাতে ময়নাতদন্ত রিপোর্টে স্ত্রী মহিতুন বেগমকে (৪৫) পূর্ব পরিকল্পনা অনুযায়ী শ্বাসরোধ করে হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে। ঐ রাতেই এ ব্যাপারে আড়াইহাজার থানায় হত্যা মামলা হয়েছে। মামলার পর গ্রেফতার করা হয়েছে স্বামী আব্দুর রব মিয়াকে।

রবিবার সকালে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে মুহিতুনের সঙ্গে স্বামী আব্দুর রবের ঝগড়াবিবাদ লেগেই থাকত। গত ১৬ জুলাই রাতে  আব্দুর রব মিয়া, স্ত্রী মহিতুন বেগম তাদের সন্তানদের নিয়ে রাতের খাবার শেষে ঘুমাতে যায়। পরদিন সকালে আব্দুর রব মিয়া চিৎকার করে প্রতিবেশীদের জানায়, তার স্ত্রী ঘরে থাকা বাঁশের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।