ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাটিকাডাঙ্গা গ্রামে চোরের ঘুষিতে মনু পাঠান (৬৫) নামের এক মাল্টা চাষি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
রবিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে ওই গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত মনু পাঠান বাটিকাডাঙ্গা গ্রামের মৃত আলী পাঠানের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘নিহত মনু পাঠানের মাল্টা বাগান থেকে রাতে মাল্টা চুরি করে নিয়ে যায় চোর। রবিবার রাতে মনু পাঠান বাড়ির পাশের মাঠে বাগান পাহাড়া দিচ্ছিলেন। সেসময় তার বাগানে চোর ঢুকে মাল্টা চুরি করছিল। বিষয়টি টের পেয়ে মনু পাঠান এগিয়ে গেলে চোর তার ওপর চড়াও হয়ে ঘুষি মারতে খাকে।’
ওসি আরও বলেন, ‘মনুর চিৎকারে স্বজনরা এগিয়ে এলে চোর পালিয়ে যায়। সেখান থেকে মনুকে উদ্ধার করে হাসপাতালে আনার সময় মাঠেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।’