মানিকগঞ্জ-চাঁদপুরে নিহত আরো ২
ইত্তেফাক ডেস্ক
রাজধানীতে ট্রাকের ধাক্কায় কুষ্টিয়ার ১ আসনের (দৌলতপুর) বিএনপি দলীয় সাবেক এমপি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার পুত্র আকিব রেজা (২৩) নিহত হয়েছেন। তিনি রাজধানীর বেসরকারি ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে মানিকগঞ্জের ঘিওর, নারায়ণগঞ্জের সোনারগাঁও এবং চাঁদপুরে সড়কে দুর্ঘটনায় আরো তিনজন নিহত হয়েছেন। পৃথক ঘটনায় মানিকগঞ্জের শিবালয়ে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে।
বাচ্চু মোল্লার পারিবারিক সূত্র জানায়, আকিব ঈদের ছুটি শেষে দৌলতপুর থেকে নৈশকোচে মঙ্গলবার ভোরে ঢাকার কল্যাণপুর বাসস্ট্যান্ডে পৌঁছান। এ সময় তিনি ভুলক্রমে নৈশকোচে ব্যাগ ফেলে মোহাম্মদপুরে নিজ বাসায় চলে যান। বাসায় পৌঁছার পর গাড়িতে ব্যাগ ফেলে রেখে আসার কথা মনে পড়লে তিনি দ্রুত মোটরসাইকেল চালিয়ে কল্যাণপুরের দিকে ছুটতে থাকেন। সোহরাওয়ার্দী হাসপাতালের কাছে একটি দ্রতগামী ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগলে আকিব ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
অন্যদিকে, মানিকগঞ্জের দৌলতপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী যুবক শওকত (৩০) নিহত হলেও একই মোটরসাইকেলে থাকা তার ১০ বছরের মেয়ে সুমাইয়া ভাগ্যক্রমে বেঁচে গেছে। গতকাল সকালে ঘিওর-দৌলতপুর আঞ্চলিক সড়কের জোকা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শওকত দৌলতপুর উপজেলার চরমাস্তুল গ্রামের মৃত আক্কাছ আলী ওরফে ফটু শেখের ছেলে।
গতকাল তৃতীয় সড়ক দুর্ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। গরু বোঝাই একটি ট্রাকের সঙ্গে একটি কার্ভাড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কার্ভাড ভ্যানের চালক মোবারক হোসেন (৩৮) নিহত হয়েছেন। এতে আহত হন আরো চারজন। মোবারক ময়মনসিংহ জেলার ফুলবাড়ি থানার রাধানগর গ্রামের মোতালেব মিয়ার ছেলে।
পৃথক দুর্ঘটনায় গতকাল সকালে চাঁদপুর সদর উপজেলার আশকাটি ইউনিয়নের গাবতলী এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এমরান হোসেন (৩৪) নামে গাজীপুর সোস্যাল ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার আরো তিন যাত্রী। এমরান হাজীগঞ্জ পৌর এলাকার বলাখাল গ্রামের সর্দার বাড়ীর মো. তাজুল ইসলামের ছেলে।