জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের সম্পদ। তার আদর্শ গ্রহণ করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব ধরনের ষড়যন্ত্রকে মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে হবে। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সোমবার রাজধানীর বিলিয়া মিলনায়তনে বিবি ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
আলোচনা সভার প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, পৃথিবীতে যখন কোনো যন্ত্র ছিল না, তখনো ষড়যন্ত্র ছিল। এটা এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু সেই ষড়যন্ত্র মোকাবিলা করেই দেশকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি এমন যে পাশের মানুষটিকেও বিশ্বাস করা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার যেভাবে বারবার হামলার শিকার হয়েছে পৃথিবীতে এমন পরিবার নেই।
সাবেক এই উপাচার্য বলেন, আগে দেখেছি ছাত্রলীগ নেতা ক্লাস করেছে এবং এরপর মিছিলে বক্তব্য দিয়েছে। কিন্তু এখন সেটি খুব বেশি দেখা যায় না। অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, আমরা বক্তৃতা-বিবৃতিতে বঙ্গবন্ধুর কথা বলি। কিন্তু বাইরে গিয়েই নিজের স্বার্থ হাসিলের চেষ্টায় মশগুল হয়ে পড়ি। তিনি বলেন, জাতির জনক যে আদর্শ নিয়ে জীবন গড়েছেন সেই আদর্শে দীক্ষিত হয়েই আমাদের দেশকে এগিয়ে নিতে হবে। বর্তমান প্রজন্মকে বঙ্গবন্ধুকে আরো বেশি করে জানতে হবে বলে উল্লেখ করেন আরেফিন সিদ্দিক।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ‘১৫ ও ২১ আগস্ট হত্যাকাণ্ড কি একই সূত্রে গাঁথা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন, ১৫ ও ২১ আগস্টের হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। একই কুশীলবদের লেখা ভিন্ন নাটক মঞ্চায়ন করা হয়েছে। তারা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে পরাশক্তির বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীন করতে ৩০ লাখ মা-বোন শহীদ হয়েছেন। বিবি ফাউন্ডেশনের সভাপতি বাহাদুর বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকান্ডে সেনাবাহিনীর তৎকালীন উপ-প্রধান জিয়াউর রহমান জড়িত ছিলেন। আর ২১ আগস্টের হত্যাকাণ্ডে জড়িত ছিলেন খালেদা জিয়া ও তারেক জিয়া চক্র। তারা সামনের ষড়যন্ত্র মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মারুফা আক্তার পপি, সত্যব্রত ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক খালেদা খানম রুনু ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা : খালেদ শওকত আলীসহ অনেকে।