এবার রহস্য ও থ্রিলারধর্মী সিনেমা নিয়ে হাজির হচ্ছেন ঢাকাই সিনেমার দুই তারকা সাইমন সাদিক। ছবিতে সাইমনে বিপরীতে রয়েছেন মাহিয়া মাহী। এছাড়া এতে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন আদর আজাদ। শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটির নাম ‘লাইভ’।
গত ১৯ আগস্ট ছবিটির টিজার মুক্তির পরপরই ছবিটি নিয়ে আলোচনা তৈরি হয়। মূলত একটি খুনের ঘটনা কেন্দ্র করে রহস্যের ডালপালা গজিয়েছে সিনেমার। তদন্তে নামে পুলিশ। কিন্তু কুলকিনারা করতে পারে না। কে খুনি সেটা জানা যাবে প্রেক্ষাগৃহে। ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে এটি। এদিকে টিজারে মাহির উপস্থিতি তার অনুরাগীদের আনন্দ দিচ্ছে। এতে তার অভিনয়ের চুম্বক অংশ দেখে প্রশংসা করছেন। কেউ কেউ তাকে ‘জাত অভিনেত্রী’ বলে সম্বোধন করছেন। এ ছাড়া সাইমনও প্রশংসায় ভাসছেন। ‘লাইভ’ পরিচালনা করেছেন শামীম আহমেদন রনি।
উল্লেখ্য, সর্বশেষ ‘জান্নাত’ সিনেমায় অভিনয় করেন সাইমন-মাহি। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমাটি ২০১৮ সালে কয়েকটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। এই সফলতার ধারাবাহিকতায় পরে তারা আরও কয়েকটি সিনেমায় জুটি বাঁধেন। লাইভ ছবি প্রসঙ্গে সাইমন বলেন, ‘ছবির গল্পটা আমাকে মুগ্ধ করেছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির পর নিজ থেকেই একটি বোধদয় হয়েছে যে, আমাকে আর যেন তেন কাজ করা যাবে না। তাই আমি খুব সাবধানে, বেছে বেছেই কাজ করছি। লাইভ’ ছবিটি নিয়ে আমার শুধু এটুকুই বলার। এটি দর্শকদের ঠকাবে না। আমরা যারা অভিনয় করি। প্রতিটা কাজ শেষ করে নিজেরাও বুঝতে পারি যে, ছবিটি কোন মানের হয়েছে। সেক্ষেত্রে লাইভ ছবিটি আমার নিজের কারিয়ারে একটি ভালো লাগার ও ভালো মানের ছবি।’
এদিকে সাইমনে সহশিল্পী চিত্রনায়িকা মাহিয়া মাহীর সাথে প্রযোজকের দ্বন্দ্ব প্রসঙ্গে সাইমন বলেন, ‘এগুলো খুবই বিব্রতকর। আমি মনে করি সবার আগে জরুরি পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি করা। আর আমরা যেন কারো ভেতরে মনোমালিন্যে নিজেদের এত ভেতরকার খুটিনাটি বিষয়গুলো এভাবে উপস্থাপন না করি। এই শিল্পের প্রতি সবারই দায়বদ্ধতা রয়েছে। সেই জায়গা থেকেই আমি বলবো এইসব বিব্রতকর বিষয়গুলো এড়িয়ে পজিটিভ মনমানসিকতা নিয়ে কাজ করে যাওয়া উচিত।