মোবাইল নেটওয়ার্কিংয়ের আওতায় ৮৫০ ট্রলার

উপকূলীয় জেলা বরগুনায় শুধু সামুদ্রিক নিবন্ধিত ও শতভাগ ফিটনেস সনদ আছে এমন ট্রলার রয়েছে ১ হাজার। এর মধ্যে গ্লোবাল সিস্টেম অব মোবাইল নেটওয়ার্কের (জিএসএম) আওতায় আনা হচ্ছে ৮৫০টি ট্রলার। এ প্রকল্পের আওতার বাইরে রয়েছে ১৫০টি সামুদ্রিক ট্রলার।    

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব এতথ্য নিশ্চিত করে বলেন, ‘গভীর সমুদ্রগামী জেলেদের সুরক্ষার কথা মাথায় রেখে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো দুর্যোগের সময় সতর্কবার্তা, ঝড়ের পূর্বাভাস এবং আগাম সতর্ক করতে এ নেটওয়ার্কিং সিস্টেম চালু হতে যাচ্ছে। প্রথম পর্যায়ে জেলায় ৮৫০টি ট্রলারে এ সুবিধা দেওয়া হচ্ছে। উপজেলা পর্যায়ে ট্রলারগুলোতে সার্ভে চলমান রয়েছে। খুব শিগগিরই অন্য কার্যক্রম শুরু হবে।’ 

এই মৎস্য কর্মকর্তা আরও বলেন, ‘প্রতিবছরই ঝড়-জলোচ্ছ্বাস, সাগরে গভীর নিম্নচাপসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয়। অনেক সময় দুর্যোগের সতর্কবার্তা পৌঁছায় না জেলেদের কাছে। যে কারণে বৈরি আবহাওয়ার মধ্যেও জেলেরা নদী বা সমুদ্রে মাছ ধরতে যান। তখন ঝড়ের কবলে পড়ে তাদের প্রাণ হারাতে হয়। তাই উপকূলের সমুদ্রগামী জেলেদের সুরক্ষায় এবং তাদের কাছে সতর্কবার্তা পৌঁছাতে জিএসএম সিস্টেম চালুর উদ্যোগ নেয় মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর। এতে জেলেরা দুর্যোগের সময় নিরাপদে অবস্থান করতে পারবেন।’