কক্সবাজার সমুদ্র সৈকত থেক কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। ওই সময় তাদের কাছ থেকে দুটি ছুরিও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) রাত ১০ টায় সৈকতে সুগন্ধা পয়েন্টের প্রবেশমুখ থেকে তাদেরকে আটক করা হয়।
ধৃতরা হলেন, সোহেল মিয়া (১৯), সাইফুল ইসলাম (১৯), মো. রাজু (১৭), মো. হোসেন (২১), আব্দুস শুক্কুর (১৯), মনজুর আলম (১৯) ও এহসান (১৭)।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, গোপনসূত্রে জানতে পারি একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা সুগন্ধা পয়েন্টে পর্যটকদের ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হয়েছে। খবর পেয়ে সেখান থেকে ৭ জন কিশোরকে আটক করি। আরও কয়েকজন সদস্য পালিয়ে যায়।
তিনি আরও বলেন, বেশকিছুদিন যাবত একটি গ্রুপ সৈকত এলাকায় ছিনতাই করছিলো। পরে জানা যায়, কয়েকটি কিশোর গ্যাং এই কাজে জড়িত। ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এর সত্যতা পাওয়া যায়। তাদের কাছ থেকে আরও কয়েকটি কিশোর গ্যাংয়ের তথ্য পাওয়া গেছে। তাদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এএসপি আরও বলেন, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।