হরতালেও যানজটে নগরবাসী

জ্বালানি তেল, সার, খাদ্যসহ নিত্যপণ্যের দাম, পরিবহন ভাড়া কমানোর দাবিতে এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে অর্ধদিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। তবে হরতালের মধ্যেও রাজধানীতে তীব্র যানজটের কবলে পড়তে হয়েছে নগরবাসীদের।

আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৬টা থেকে পুরানা পল্টন মোড়ে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করতে থাকেন জোটের নেতাকর্মীরা।

জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সিপিবির সভাপতি শাহ আলমের নেতৃত্বে পল্টন, গুলিস্তান, বায়তুল মোকাররম, জিরো পয়েন্টে মিছিল হয়েছে। এ সময় কয়েকটি সড়কে গাড়ি চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ থাকে।

janjot

তবে অন্যান্য দিনের মতো সকাল থেকেই সড়কে চলছে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সে সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে সৃষ্টি হচ্ছে যানজট। রাজধানীর বায়তুল মোকাররম, জিরো পয়েন্ট, গুলিস্তান, প্রেস ক্লাব এলাকার সড়কগুলোতে চলছে যানবাহন। অফিসের জন্য বের হয়েছেন মানুষজন। ব্যবসায়ীরা খুলতে শুরু করেছেন দোকানপাট। 

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, সারাদেশে হরতাল পালন করা হচ্ছে। জনগণ এই হরতালে সমর্থন দিচ্ছে। বাসমালিকরা জোর করে পরিবহন শ্রমিকদের বাস দিয়ে নামিয়েছে। পুলিশ হরতাল পালনে বাধা দিচ্ছে।