আপাতত গ্রেফতার হচ্ছেন না ইমরান খান 

আগাম জামিন পেয়েছেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। ইসলামাবাদের সন্ত্রাস-বিরোধী একটি আদালত এই জামিন দেন।

পাকিস্তানে প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের বিচারক রাজা জাওয়াদ আব্বাস হাসান আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত এক লাখ রুপি জামানতের বিনিময়ে ইমরানকে অন্তবর্তী জামিন দেন।

আদালতে ইমরান খানের মামলার শুনানি চলাকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। আদালতের আশেপাশের সড়ক বন্ধ করে দেওয়া হয়। 

গত শনিবার (২০ আগস্ট) এক জনসভায় তার এক ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগীকে আটক করে নির্যাতনের অভিযোগ তুলে পুলিশ প্রধান এবং একজন নারী বিচারকের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন ইমরান খান। 

এর পরপরই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে হুমকি দেওয়ার অভিযোগে পুলিশ তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ দায়ের করে।

সেই সঙ্গে, বিচারককে হুমকি দেওয়ার জন্য তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে - যার জবাব দিতে ইমরান খানকে আগামী ৩১শে অগাস্ট হাইকোর্টে হাজিরা দিতে হবে। 

দু'টো অভিযোগই এমন গুরুতর যে ইমরান খান গ্রেপ্তার হতে পারেন। তার নিজের রাজনৈতিক ভবিষ্যৎ এবং তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের অস্তিত্ব হুমকিতে পড়ে যেতে পারে।