সিলেটে আন্দোলনরত চা শ্রমিকদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিলেটি শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে জালালাবাদ স্টুডেন্টস এসোসিয়েশন।
এসময় শিক্ষার্থীরা নানা স্লোগান সম্বলিত পোস্টার প্রদর্শন করেন। পাশাপাশি চা শ্রমিকদের পোশাক পরে প্রতীকী প্রতিবাদ জানান তারা।
জালালাবাদ স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি মাসরুর আহমেদ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ১২০ টাকায় একজন মানুষের দিন চলতে পারে না। চা বাগানের মালিক গুটিকয়েক লোক তারা চা শ্রমিকদের জিম্মি করে ধনী হতে চায়। কিন্তু চা শ্রমিকদের জীবন নিয়ে তাদের কোন চিন্তা নেই। আমি চা শ্রমিকদের কাছে দাবি জানাবো, চা শ্রমিকদের দেশের নাগরিক হিসেবে, ভাই বোন মনে করে তাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে চা শ্রমিক ভাইদের ঘরে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিন।
এসোসিয়েশনের সাবেক সভাপতি নয়ন চন্দ্র মোদক বলেন, আমি শ্রীমঙ্গলের সন্তান। খুব কাছ থেকে চা শ্রমিকদের দেখেছি। তাদের দুঃখ দুর্দশার কথা বলে শেষ করা যাবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময়ই শোষিতদের পক্ষে ছিলেন। তিনি তাদেরকে দেশে নাগরিকত্ব দিয়েছেন। চা শ্রমিক ভাইরা তা আজও কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তাদের বেতন যখন ৬০ টাকা ছিল, তা দ্বিগুণ করে দেন জননেত্রী শেখ হাসিনা। তাই আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি, এই সরকার চা শ্রমিকদের যৌক্তিক দাবি পূরণ করবেন।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ধন কিশোর ত্রিপুরা, ইতিহাস বিভাগের রাকিবুল হাসান, এসোসিয়েশনে সাংগঠনিক সম্পাদক তানভীর সাঈদ, জয়েস দেব অনিক এবং অর্থ সম্পাদক ছদিওল মোহাম্মদ ফাহাদ প্রমুখ।