সাবেক নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদারের প্রথম নামাজে জানাজা আজ শুক্রবার (২৬ আগস্ট) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এরপর মাহবুব তালুকদারের শেষ ইচ্ছা অনুযায়ী মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তার মেয়ে আইরিন মাহবুব।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে তার মেয়ে আইরিন মাহবুব বলেন, যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে আমার দুই ভাই আজ রাতের মধ্যে দেশে ফিরবেন।
তিনি আরও জানান, বাবার ইচ্ছা ছিল রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে যেন তার দাফন হয়। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
সাবেক ইসি মাহবুব তালুকদারের লাশ রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। বুধবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে লাশটি সেখানে রাখা হয়।
এর আগে, ২৪ আগস্ট দুপুর ১টায় রাজধানীর ইউনাউটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন মাহবুব তালুকদার। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসার আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
১৯৪২ সালের ১৩ ফেব্রুয়ারি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় জন্মগ্রহণ করেন মাহবুব তালুকদা। নবাবপুর উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক, ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।