'নিজের জন্য কোহলির রানে ফেরা প্রয়োজন' 

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী বলেছেন, শুধু মাত্র ভারতের জন্য নয় নিজের জন্যেও  বিরাট কোহলির রানে ফেরা প্রয়োজন। এক আলাপকালে তিনি বলেন, আমরা আশাবাদী এই বছরটা তার ভালো যাবে। আমরা সবাই আত্নবিশ্বাসী যে তিনি ভালোভাবে ফিরে আসবে।

বিরাট কোহলি বেশ কিছুদিন যাবত নিজের সেরা ছন্দে নেই। তিনি সর্বশেষ শতকের দেখা পেয়েছিলেন ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে ইডেন গার্ডেনে গোলাপী বলের ডে নাইট টেস্টে। 

এরপর আর এই ম্যাজিক ফিগারের দেখা পাননি তিনি। ৩৩ বছর বয়সী এই ব্যাটার জুন-জুলাইয়ে অনুষ্ঠিত ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে খেলেন। এরপর সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সিরিজে বিশ্রামে ছিলেন তিনি। 

এশিয়া কাপ দিয়ে আবারো মাঠে ফিরছেন কোহলি। তাইতো ক্রিকেটপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। 

সৌরভ গাঙ্গুলী সেনকো গোল্ড এবং ডায়মন্ডের একটি প্রমোশনাল ইভেন্টে অংশ নিয়ে বলেন, আমি নিশ্চিত সবাই তার শতক দেখার অপেক্ষা করছেন। টি-২০ তে সময়ের অভাবে শতক করার সুযোগ খুব কম থাকে। কিন্ত আশা করি এই মৌসুমে তিনি খুব ভালো করবেন। 

তিনি আরও বলেন, তিনি বড় খেলোয়াড় যার কারণে এতো বছর ধরে খেলছেন। আমি জানি তার নিজস্ব ফর্মুলা আছে রান করার জন্য। আমি জানি তিনি অবশ্যই রান করবেন।

এবারের এশিয়া কাপে রবিবার (২৮ আগস্ট) ভারতের প্রথম ম্যাচ চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে।