প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন চা-বাগানের মালিকরা। শনিবার (২৭ আগস্ট) বিকাল ৪টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠকে বসেন তারা। এতে দেশের বৃহৎ ১৩ চা বাগান মালিক উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।
প্রশাসন ও মালিকপক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠকের পরও চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি সমাধান হয়নি। ৩০০ টাকা মজুরির দাবিতে ৯ আগস্ট থেকে চার দিন দুই ঘণ্টা করে কর্মবিরতি ও পরে ১৩ আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করে আসছেন চা-শ্রমিকরা।
প্রশাসনের সঙ্গে আলোচনা করে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি ধর্মঘট প্রত্যাহার করলেও সেটা মানছেন না সাধারণ শ্রমিকেরা। আন্দোলন সফল করতে সড়ক, মহাসড়ক, রেলপথ অবরোধ করতে দেখা গেছে তাদের। দাবি আদায়ে গত কয়েক দিন ধরে বেশ উত্তাল ছিল চা-বাগানগুলো।