ফুলকপি চাষে ঝুঁকছেন ভেড়ামারার কৃষক

ভরা মৌসুমে লোকসান হলেও ফুলকপি চাষে লাভের দেখা পাচ্ছেন ভেড়ামারার কৃষকরা। অন্য ফসলের তুলনায় সময়ও কম লাগে। ফলে আগাম জাতের ফুলকপি চাষের দিকে ঝুঁকছেন এই উপজেলার কৃষক। এখন প্রায় বছরের পুরোটা সময় তারা আগাম জাতের ফুলকপি চাষ করছেন। অসময়ের ফুলকপিতে লাভ বেশি হওয়ায় চাষ দিনদিন বাড়ছে বলে জানিয়েছেন কৃষকরা।

ভেড়ামারা কৃষি অফিস সূত্রে জানা যায়, খরিপ-২/ ২০২২-২৩ উত্পাদন বর্ষে উপজেলায় আগাম শীতকালীন সবজি আবাদ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪১৭ হেক্টর জমিতে। এর মধ্যে শুধু ফুলকপির আবাদ ধরা হয়েছে ১০৫ হেক্টর।

কৃষক হাসান আলী বলেন, ধান-গম চাষ করে আমরা খুব একটা লাভবান হতে পারিনি। ধান চাষ করে লোকসান গুনতে হয়। তাই ফুলকপি চাষ করছি। শীতকালে ফুলকপির ভরা মৌসুমে দাম একটু কম হয়। তবে অন্য সময়ে বেশ ভালো দাম পাওয়া যায়। সারা বছরই এখন ফুলকপি চাষ করছি।

ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম বলেন, উপজেলার এই অঞ্চলের আবহাওয়া ও মাটি সবজি চাষের জন্য খুবই উপযোগী। আগাম জাতের ফুলকপি চাষ এবং সঠিক মার্কেট ধরতে পারায় বেশ লাভবান হচ্ছেন কৃষকরা। তারা ফুলকপি চাষে ঝুঁকছেন।