চন্দনাইশে পেঁপের ভালো ফলন 

চলতি মৌসুমে চট্টগ্রামের চন্দনাইশে পেঁপের ভালো ফলন হয়েছে। বাজারে দাম ভালো থাকায় খুশি কৃষকরা।

জানা যায়, উপজেলার কাঞ্চনাবাদ, হাশিমপুর ও দোহাজারী এলাকায় উঁচু জমিতে প্রচুর পেঁপে বাগান গড়ে উঠেছে। কম খরচ আর স্বল্প শ্রমে অধিক লাভ হওয়ায় উপজেলায় অনেক ছোট-বড় পেঁপে বাগান করা হয়েছে। কেউ কেউ পেঁপের চাষাবাদকে বাণিজ্যিক হিসেবে নিয়েছেন। বাজারে ভালো দাম থাকায় বাগানমালিকের মুখে হাসি ফুটে উঠেছে।

তারা আশা প্রকাশ করেন, আবহাওয়া অনুকূলে থাকলে পেঁপে বিক্রি করে লাভবান হবেন। 

উপজেলার উত্তর হাশিমপুর গোদার কুল খরল্ল্যা মুড়া এলাকার বাসিন্দা ও বাগানমালিক জাকের আহমদ জানান, প্রতি বছরের ন্যায় এবারও তিনি ১২ শতক জমিতে পেঁপের বাগান করেছেন। এতে তার ব্যয় হয়েছে প্রায় ৪৫ হাজার টাকা। সবকিছু ঠিক থাকলে পরিবারের চাহিদা মিটিয়ে দেড় থেকে ২ লাখ টাকার পেঁপে বিক্রি করতে পারবেন।

এ বিষয়ে চন্দনাইশ উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার বলেন, এখানকার পাহাড়ি ঢালুর মাটি বেশ উর্বর। ফলে এ মাটিতে পেঁপে ছাড়াও যেকোনো ফসলের ফলন ভালো হয়ে থাকে।

তিনি জানান, কৃষকরা যাতে লাভবান হন, সেভাবে মাঠ পর্যায়ে উন্নত ফলনের ব্যাপারে তাদের পরামর্শ দেওয়া হয়ে থাকে।