নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আজ সন্ধ্যা ৬টায় আবার হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রবিবার (২৮ আগস্ট) সকালে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা ও বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে রবিবার সন্ধ্যায় খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে যাবেন। মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এরও আগে গত ১১ জুন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃদপিণ্ডের ব্লক অপসারণ করে একটি ‘স্টেন্ট’ বসানো হয়েছিল।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।
২০২১ সালে শারীরিক অসুস্থতা নিয়ে দীর্ঘদিন হাসপাতালে ছিলেন খালেদা জিয়া। পরে চলতি বছরের ২৪ জুন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফেরেন তিনি।