আউশ ধান বাজারে উঠতে শুরু করায় চালের দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
রবিবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে মহাদেবপুর উপজেলার উত্তর গ্রাম এলাকায় আউশের মাঠ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘এবছর আউশ মৌসুমজুড়ে আবহাওয়া ভালো থাকায় অন্য বছরের তুলনায় আউশের ফলন ভালো হয়েছে। ইতোমধ্যে বাজারে আউশ ধান উঠতে শুরু করেছে। বাজারে চালের দামও কমতে শুরু করেছে। এছাড়াও সরকার খাদ্যবান্ধব কর্মসূচি গ্রহণ করেছে।’
খাদ্যমন্ত্রী বলেন, ‘আউশ চাষের জন্য সরকার ব্যাপক কৃষি প্রণোদনা দিয়েছে কৃষকদের। কৃষকরা যে আশা নিয়ে আউশ চাষাবাদ করেছিলেন তাদের সেই আশা পূরণ হবে। বাজারে এই ধানের দামও ভালো রয়েছে। কৃষকরা ভালো লাভবান হবেন।’
ব্যবসায়ীদের হুশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, ‘চালের যথেষ্ঠ মজুদ আছে। অযথা দাম বাড়িয়ে বেশি মুনাফা লাভের আশায় বাজার অস্থিতিশীল করবেন না।’
পরিদর্শনের সময় স্থানীয় চাষিদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এসময় ধানের ভালো দাম পাবার আশ্বাস দেন তিনি।