অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায় আর নেই

বর্ষীয়ান অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায় মারা গেছেন। আজ সোমবার ভারতের দমদম ক্যান্টনমেন্টের মিউনিসিপ্যাল হাসপাতালে স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।  বর্ষীয়ান এই অভিনেতা মৃত্যুকালে দুই সন্তান, স্ত্রী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

অভিনেতার মেয়ে পায়েল ভট্টাচার্য ভারতীয় গণমাধ্যমকে জানান অভিনেতার শেষকৃত্য দমদমেরই কাছাকাছি কোনো শশ্মানে করানো হবে।

রক্তে বিষক্রিয়া বা সেপ্টিসেমিয়ার মতো অসুখের শিকার হয়েছিলেন প্রদীপ। গত কয়েক দিন হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল (রোববার) তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়।

পরিচালক নির্মল চক্রবর্তীর ছবি ‘দত্তা’র শুটিং করছিলেন প্রদীপ মুখোপাধ্যায়। দুইদিন শুটিং করার পরই অসুস্থ হয়ে পড়েন। প্রথমে ভর্তি করানো হয় নাগেরবাজারের এক বেসরকারি হাসপাতালে। তারপর দমদম ক্যান্টনমেন্টের মিউনিসিপ্যাল হাসপাতালের বেসরকারি বিভাগে ভর্তি করানো হয়েছিল। 

সত্যজিৎ রায়ের ‘জন-অরণ্য’র সোমনাথ চরিত্রে অভিনয় করে নজরে কেড়েছিলেন প্রদীপ। এ ছাড়া ‘অশ্লীলতার দায়ে’, ‘সতী’, ‘পুরুষোত্তম’, ‘হিরের আংটি’র মতো ছবি উপহার দিয়েছেন তিনি।