বাগদানের ছবি তোলার সময় বজ্রপাত, স্ত্রীর পাশে দাঁড়িয়েই যুবকের মৃত্যু   

সামনেই বিয়ে। শুরু হতে চলেছিল জীবনের নতুন অধ্যায়। তার আগেই সব শেষ। হবু স্ত্রীর পাশে দাঁড়িয়ে ছবি তোলার সময় বজ্রাঘাতে মৃত্যু হলো যুবকের। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

বুধবার (২৪ আগস্ট) ঘটনাটি ঘটেছে চীনের ইউনান প্রদেশে। সেখানকার একটি বিখ্যাত পর্যটন কেন্দ্রে বাগদানের ফটোশ্যুটের জন্য গিয়েছিলেন তারা। জেড ড্রাগন স্নো মাউন্টেনের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে একের পর এক ছবি তুলছিলেন এই জুটি। কিন্তু হঠাৎই সেখানে বজ্রপাত হয়। যুবকের দেহের উপর বাজ পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

চীনা সংবাদমাধ্যমের বরাত দিয়ে ডেইলি মেইল জানায়, মৃত যুবকের নাম রুয়ান। বাজ পড়ার সঙ্গে সঙ্গেই মৃত্যু হয়েছে তার। 

প্রতিবেদনে বলা হয়, যে সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে, তার অনেক আগেই ওই এলাকায় আবহাওয়ার হলুদ সতর্কতা জারি করা হয়েছিল। ঝড়বৃষ্টির সম্ভাবনা যে রয়েছে, তা জানিয়ে দিয়েছিল দেশটির আবহাওয়া অফিস।

ঘটনার পর খবর পেয়ে সেখানে ছুটে যান উদ্ধারকারী দলের সদস্যরা। তুমুল বৃষ্টির মধ্যে যুবকের মৃতদেহ উদ্ধার করেন তারা।

প্রায়ই চীনে বজ্রাঘাতে মৃত্যুর ঘটনা ঘটতে দেখা যায়। ২০১৭ সালের একটি রিপোর্ট অনুযায়ী, প্রতি বছর দেশটিতে অন্তত চার হাজার মানুষ বজ্রপাতের কারণে মারা যায় বা আহত হয়।