সাতক্ষীরা থেকে বিপুল পরিমাণ সরকারি বই জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে কালিগঞ্জ উপজেলার মৌতলা বাজার থেকে স্থানীয়রা বইগুলো জব্দ করে।
স্থানীয়রা জানান, পার্শ্ববর্তী শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের শামীম হোসেন নামের এক ব্যক্তি তিন হাজার চার’শ কেজি বই বিক্রি করতে যান মৌতলা বাজারের ভাঙারি ব্যবসায়ী বিশ্বজিৎ কুমারের দোকানে। এ সময় জনতা তাকে ধরে মৌতলা ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।
বই বিক্রির বিষয়ে শামীম হোসেন বলেন, তিনি বইগুলো শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেনের কাছ থেকে কিনেছেন।
এ বিষয়ে মৌতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, স্থানীয় জনতা বইসহ শামীমকে ধরে ইউনিয়ন পরিষদে নিয়ে এলে আমি উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর পর তিনি বইগুলো পরিষদের হেফাজতে রাখতে বলেন।
শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন বলেন, রেজুলেশন করে বইগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। তবে ভুলক্রমে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের কিছু বই চলে গেছে। বইগুলো চেয়ারম্যানের হেফাজতে রাখতে বলা হয়েছে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য।
এ ব্যাপারে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান বলেন, গত কয়েক দিন আগের একটি সভায় ৬ষ্ঠ-১০ম শ্রেণির ২০১৫ সালের আগের পুরাতন বই বিক্রির বিষয় উপস্থাপন করা হয়েছিল। কিন্তু ২০১৯ সালের বই বিক্রি করেছে এ বিষয় শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বুঝবেন সেটা তার ব্যাপার।
ইত্তেফাক/জেডএইচ