সাতক্ষীরা বাইপাস সড়ক সংলগ্ন জলাশয় থেকে অজ্ঞাত এক ব্যক্তির মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ আগস্ট) সকাল ৮ টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ স ম কাইউম জানান, বুধবার সকাল ৭টার দিকে বাইপাস সড়ক সংলগ্ন মাছের ঘেরের পাশে রাস্তায় তাজা রক্ত ও সেখানে একটি জুতো পড়ে থাকতে দেখা যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে লোকজন পার্শ্ববর্তী জলাশয়ে এক ব্যক্তির গলাকাটা লাশ দেখতে পান। এসময় সদর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ৮টার দিকে ওই লাশ উদ্ধার করে।
ঘটনা জানার পর পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক লোকমান হোসেন জানান, ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে অন্য জায়গা থেকে ধরে এনে বাইপাস সড়কের উপর জবাই করে হত্যার পর লাশ জলাশয়ে ফেলে দিয়েছে। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। লাশ উদ্ধার হলেও মাথা পাওয়া যায়নি। লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।