৩ মাসের নিষেধাজ্ঞা শেষে পূর্ব সুন্দরবনে শুরু হচ্ছে মাছ ধরা

দীর্ঘ ৩ মাসের নিষেধাজ্ঞা শেষে পূর্ব সুন্দরবনে জেলেদের মাছ ধরার অনুমতি মিলবে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে। সেই সঙ্গে দ্বার খুলেছে সুন্দরবনে পর্যটনের। তবে মাছ ধরার গোণ না থাকায় আগামী ৫ সেপ্টেম্বর থেকে শরণখোলার জেলেরা সুন্দরবনে যাত্রা করবে বলে জানা গেছে।

সুন্দরবন সংলগ্ন শরণখোলা বাজারের মৎস্য আড়ৎদার জালাল মোল্লা ও তুহিন বয়াতী বলেন, তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের নদী-খালে জেলেরা মাছ ধরতে পারবে। এ জন্য জেলেরা সুন্দরবনে যাওয়ার প্রস্ততি নিতে শুরু করেছেন। তবে তিথি অনুযায়ী মাছ ধরার গোণ না থাকায় ৫ সেপ্টেম্বর থেকে জেলেরা সুন্দরবনে যাত্রা করবে।

জানা যায়, গত জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে তিন মাস মাছ ধরা বন্ধ থাকায় শরণখোলার ৪ সহস্রাধিক জেলে পরিবার নিদারুন অর্থ কষ্টে পড়ে অনেক দায় দেনায় জড়িয়েছে। কেউ কেউ কাজের আশায় ঢাকা কিংবা চট্টগ্রামে চলে গেছে। জেলেদের স্বার্থে সুন্দরবনে মাছ ধরায় নিষেধাজ্ঞার সময়সীমা কমপক্ষে এক মাস কমিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন মৎস্য আড়ৎদাররা।

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের নদী খালে মৎস্য সম্পদ বৃদ্ধি ও বন্যপ্রাণির প্রজনন নির্বিঘ্ন করতে বনবিভাগ গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে পর্যটক প্রবেশ ও মাছ ধরায় তিন মাসের নিষেধাজ্ঞা আরোপ করে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা ফরেষ্ট স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের নদী খালে মাছ ধরা ও পর্যটকদের বনে প্রবেশের তিন মাসের নিষেধাজ্ঞা উঠে গেছে। জেলেদের মাছ ধরার পাস (অনুমতি পত্র) দেওয়ার জন্য তারা এখন বসে আছেন। কিন্তু গোন না থাকায় জেলেরা ৫ সেপ্টেম্বর থেকে পাস গ্রহণ করবেন বলে জেলে মৎস্যজীবিদের সূত্রে জানতে পেরেছেন বলে তিনি জানান।