ইবিতে শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শতভাগ আবাসিক ক্যাম্পাস এবং ক্যাম্পাসের ভিতরে ও বাহিরে অবস্থানরত শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে পৃথকভাবে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ছাত্র মৈত্রী ও ছাত্র ইউনিয়ন। সম্প্রতি ক্যাম্পাস পাশ্ববর্তী এলাকায় ইবি ছাত্রীর গোসলের গোপন ভিডিও ধারণের প্রতিবাদে এ মানববন্ধন করেন তারা।

বুধবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় এবং সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের নেতৃত্বে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এতে দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। এসময় কয়েক শতাধিক শিক্ষার্থী বিভিন্ন প্রতিবাদী লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে কাঙ্ক্ষিত পদক্ষেপ নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এর আগে বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে  ছাত্র মৈত্রীর ইবি শাখার সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু নেতৃত্বে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রী। পরে দুপুর দেড়টার দিকে ক্যাম্পাসের ডায়না চত্ত্বর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে ইবি ছাত্র ইউনিয়ন। সংগঠনটির সভাপতি জি.কে. সাদিক ও সাধারণ সম্পাদক আজিজুল হক পিয়াসের নেতৃত্বে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মানববন্ধন করে।

এদিকে, মানববন্ধনে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সানজিদা চৌধুরী, মোহনা, কামাল হোসেন, শাকিল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ক্যাম্পাসের বাইরে আমাদের ছোট বোন হেনস্তার শিকার হয়েছে পরবর্তীতে অন্য কোনো শিক্ষার্থী এরকম হেনস্তার শিকার হবে না তার নিশ্চয়তা কি? এসময় তিনি সকল শিক্ষার্থীর সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা, শতভাগ আবাসিক ক্যাম্পাস এবং ইবি ছাত্রীর গোসলের গোপন ভিডিও ধারণের সাথে জড়িত বখাটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পরে তারা শতভাগ আবাসিক ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন। উপাচার্যের অনুপস্থিতিতে উপ-উপাচার্য প্রফেসর ড.মাহবুবুর রহমান এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. আলমগীর হোসেন ভূইয়া এ স্মারকলিপি গ্রহণ করেন। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, মানববন্ধনে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো উঠে এসেছে। করোনার কারণে মেগাপ্রকল্পের কাজ দীর্ঘদিন বন্ধ ছিল। এ কাজ শেষ হলে ক্যাম্পাসের আবাসন সংকট কমবে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা চাই আমাদের ছাত্র-ছাত্রীরা নিরাপদে থাকুক। এজন্য ইতিমধ্যে আমরা লোকাল পুলিশ প্রশাসনের পাশাপাশি এলাকার মুরুব্বি এবং মেস মালিকদের সাথে কথা বলেছি। ওইসব এলাকাতে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা হবে। পাশাপাশি আমরা শেখপাড়ায় একটা ফাঁড়ি করা যায় কিনা সেটাও দেখতেছি। এছাড়া গোসলের ভিডিও ধারণে অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়েছে। যেহেতু পুলিশ বিষয়টি দেখছে বাকি আইনানুগ ব্যবস্থা তারাই করবে।