বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হলো অক্সফামের প্রাইভেট সেক্টরের নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম 'শেকড়'। শনিবার (২৮ আগস্ট) বনানীর পার্ল হোটেলে বাংলাদেশে অক্সফামের কান্ট্রি ডিরেক্টর আশীষ দামলের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিআরডি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি।
অনুষ্ঠানে বাংলাদেশে অক্সফামের বিভিন্ন সেক্টরের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিবা আঞ্জুম মিতা এমপি, জুলিয়ান ফ্রান্সিস, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এর সিইও অমিয় প্রাপন চক্র বর্ত্তী অর্ক এবং আবরার শাহরিয়ার মৃধা। অনুষ্ঠানে অতিথিরা প্ল্যাটফর্মের উদ্দেশ্য, পরিকল্পনা, কাঠামো এবং কমিটি তুলে ধরেন।
অনুষ্ঠানে একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় যার নেতৃত্বে প্রেসিডেন্ট হিসেবে থাকছেন রেজওয়ানুল হক জামী এবং ভাইস প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশাসহ বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা। এসময় প্রতিমন্ত্রী 'শেকড়' চালু করার মাধ্যমে অক্সফাম এবং ডিওয়াইডিএফ কর্তৃক প্রদর্শিত উদ্যোগের প্রশংসা করে প্ল্যাটফর্মটিকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন।
'শেকড়' বাংলাদেশে অক্সফামের এমন একটি বেসরকারি সেক্টর নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম যা উদ্যোক্তাদের নিজেদের মধ্যে সংযোগ স্থাপনের জন্য এবং একইসাথে বেসরকারি খাতের পেশাজীবিদের নিজেদের সাথে সংযুক্ত করতে এবং গ্রামীণ অর্থনীতিক কে শক্তিশালী করতে কাজ করছে। 'শেকড়'-এর সদস্যদের মধ্যে রয়েছে কর্পোরেট, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এনজিও, বিনিয়োগকারী, ই-কমার্স অ্যাসোসিয়েশন, একাডেমিয়া সহ সরকারী, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত সংস্থার প্রতিনিধিরা।