বাংলা
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
সময়: ২ ঘন্টা ৩০ মিনিট পূর্ণমান: ১০০
প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাও:
উয়ারী-বটেশ্বরের আশে পাশে প্রায় পঞ্চাশটি পুরনো জায়গা পাওয়া গেছে। আশে পাশের বিভিন্ন গ্রাম, যেমন- রাঙ্গারটেক, সোনারুতলা, কেন্দুয়া, মরজাল, টঙ্গী রাজার বাড়ি, মন্দির ভিটা, জানখাঁরটেক, টঙ্গীরটেকে প্রাচীন বসতির চিহ্ন পাওয়া যায়। দুর্গ-প্রাচীর, ইঁটের স্থাপত্য, মুদ্রা, গয়না, ধাতব বস্তু, অস্ত্র থেকে শুরু করে জীবনধারণের যত প্রত্নবস্তু পাওয়া গেছে তা থেকে সহজেই বলা যায় এখানকার মানুষ যথেষ্ট সভ্য ছিল। এই স্থানের বসতি এলাকাটি সম্ভবত রাজ্যের রাজধানী ছিল। অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমানের ধারণা, এই প্রত্নতত্ত্ব অত্যন্ত সমৃদ্ধশীল আর যথাযথ পরিকল্পনায় গড়া। এই সভ্যতা প্রাচীনকালে ‘সোনাগড়া’ নামে বিশ্বজুড়ে পরিচিত ছিল।
১। নিচের শব্দগুলোর অর্থ লেখ: (যে কোন ৫টি) ১×৫=৫
জায়গা, প্রাচীন, ধাতব, বসতি, মুদ্রা, গড়া, বিশ্বজুড়ে
২। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখ: ২+৪+৪=১০
ক) উয়ারী বটেশ্বরের আশে পাশে কয়টি পুরোনো জায়গা পাওয়া গেছে? দুটি বাক্যে লেখ।
খ) কোন অঞ্চলের মানুষকে সভ্য ভাবা হয়েছে? চারটি বাক্যে লেখ।
গ) প্রাচীনকালে উয়ারী-বটেশ্বর কী নামে পরিচিতি ছিল? এর সম্পর্কে তিনটি বাক্য লেখ।
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:
স্বাধীনতা উত্তর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফুটবল খেলোয়াড়ের নাম কাজী সালাহউদ্দীন। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য। আমাদের স্বাধীনতা যুদ্ধে সাহায্য করার জন্য এই দল অর্থ সংগ্রহ করেছিল। খেলা থেকে আলাদা করে তেমন কোনো শৈশব নেই কাজী সালাহউদ্দিনের। সেই ছোটবেলা থেকেই তিনি ছিলেন খেলাধুলায় নিবেদিত প্রাণ। সারাক্ষণ খেলার পোকা মাথার মধ্যে ঘুরত। স্কুলে থাকাকালীন স্কুলের খেলার মাঠ ছিল তার নিত্যসঙ্গী। সালাহউদ্দিন পড়াশোনা করতেন রাতে আর পুরোদিন ছিল খেলার জন্য বরাদ্দ। তখনকার দিনে এ বয়সে কেউ নির্দিষ্ট খেলার খেলোয়াড় হয়ে উঠত না। সালাহউদ্দিন তাই স্কুলে সবই খেলতেন। অ্যাথলেটিকস করতেন। পরপর তিন বছর স্কুল অ্যাথলেটিকসের সেরা অ্যাথলেট ছিলেন তিনি। ক্রিকেট দলে টপ অর্ডারে ব্যাটিং করার জন্য জায়গা বাঁধা ছিল তাঁর জন্য। স্কুলের দলে প্রথম সুযোগ পেলেন ক্লাস সেভেনে পড়ার সময়। সেই দলের সবচেয়ে ছোট খেলোয়াড় ছিলেন সালাহউদ্দিন।
৩। প্রদত্ত শব্দের অর্থ বুঝে শূন্যস্থান পূরণ করঃ ১×৫=০৫
শব্দ শব্দার্থ
বরাদ্দ নির্ধারিত
টপ অর্ডার প্রথম সারি
জনপ্রিয় মানুষ যাকে ভালোবাসেন
নিবেদিত প্রাণ নির্দিষ্ট বিষয়ে যার মন প্রাণ নিমগ্ন
উল্লেখযোগ্য উল্লেখ করার উপযুক্ত অ্যাথলেটিকস শরীর চর্চা, খেলাধুলা ইত্যাদির জন্য প্রশিক্ষণ
ক) সাবিনা ইয়াসমিন এদেশের .......... কণ্ঠশিল্পী।
খ) এই খাবারগুলো গরিব মানুষদের জন্য ............ করা হয়েছে।
গ) দেশের জন্য সালমান ...........।
ঘ) পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র ইত্যাদি বাংলাদেশের ...........নদী।
ঙ) নিলয় ওদের ক্লাবের ............ব্যাটসম্যানদের একজন।
৪।নিচের প্রশ্নগুলোর উত্তর লেখঃ ৫×৩=১৫
ক) সালাহউদ্দিন ছেলেবেলায় খেলাধুলায় কেমন ছিলেন? পাঁচটি বাক্যে লেখ।
খ) সালাহউদ্দিন সম্পর্কে পাঁচটি বাক্য লেখ।
গ) কাজী সালাহউদ্দিন কীভাবে মুক্তিযুদ্ধে অবদান রাখেন? তাঁর অর্থ সংগ্রহের প্রক্রিয়া চারটি বাক্যে লেখ।
৫। নির্দেশিত ক্রিয়াপদগুলোর অতীত, বর্তমান ও ভবিষ্যত্ রূপ লেখ (যে কোন ৫টি)ঃ ০৫
ক) রাখালের সাথে রাজপুত্রের বন্ধুত্ব হয়েছিল। (ভবিষ্যত্)
খ) বোনের জন্য টুকটুক জামা কিনে আনব। (অতীত)
গ) মাঠের পর মাঠ প্লাবিত হয়েছে। (বর্তমান)
ঘ) গ্রাম মাঠের সাথে মিশে যেন একাকার হলো। (অতীত)
ঙ) হিয়া নদীতে বড়শি দিয়ে মাছ ধরছে। (ভবিষ্যত্)
চ) বাগানে পাখিদের মেলা বসেছে। (ভবিষ্যত্)
ছ) নদীর তীরে বসে দিন কাটাব। (অতীত)
৬। অনুচ্ছেদটি পড় এবং প্রদত্ত নির্দেশনা অনুযায়ী ৫টি প্রশ্ন (কে, কী, কোথায়, কীভাবে, কেন, কখন) তৈরি করে উত্তরপত্রে লেখ: ০৫
পঁচিশে মার্চ রাতে আক্রান্ত হয় সংবাদপত্র অফিসগুলোও। প্রধান সংবাদপত্রগুলোর অনেক অফিসে আগুন লাগিয়ে দেয় তারা সেই রাতে। হত্যা করে বহু সাংবাদিককে। পঁচিশে মার্চে রাতে পাকিস্থানি সৈন্যরা দৈনিক ‘সংবাদ’ অফিসে আগুন দেয়। লেখক ও সাংবাদিক শহীদ সাবের সে রাতে ঐ অফিসেই ঘুমাচ্ছিলেন। ঘুমন্ত অবস্থায় সংবাদ অফিসে পুড়ে মারা যান তিনি। শহীদ হন সেলিনা পারভীন। মাত্র পঁচিশ বছর বয়সে প্রাণ দেন কবি সাংবাদিক মেহেরুন্নেসা।
পরের অংশ আগামী শনিবার
বিজ্ঞান
সোনিয়া ফেরদৌসী, সিনিয়র শিক্ষক
হলি ফ্লাওয়ার স্কুল, ঢাকা
গতকালের পর
৯। কী কী উত্স থেকে আমরা পানি পেয়ে থাকি?
উ: আমরা যে সমস্ত উত্স থেকে পানি পেয়ে থাকি তা হলো বৃষ্টির পানি, ঝরনার পানি, নদীর পানি, সমুদ্রের পানি ও ভূগর্ভস্থ পানি।
১০। পানিচক্র কী?
উ: যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে তাই পানিচক্র। এ চক্রের মাধ্যমে ভূপৃষ্ঠের পানি থেকে জলীয় বাষ্প, জলীয় বাষ্প থেকে মেঘ, মেঘ থেকে বৃষ্টি হিসেবে পানি আবার ভূপৃষ্ঠে ফিরে আসে।
১১। দূষিত পানি বলতে কী বোঝ?
উ: মানুষের জন্য ক্ষতিকর, ব্যবহারযোগ্য নয় অর্থাত্ পানিতে ক্ষতিকর কোনো কিছু মিশে থাকলে সে পানিকে দূষিত পানি বলা হয়।
১২। আর্সেনিকযুক্ত পানি পান করলে কী হয়?
উঃ আর্সেনিকযুক্ত পানি দীর্ঘদিন পান করলে হাতে পায়ে এক ধরনের ঘা তৈরি হয় যা আর্সেনিকোসিস রোগ নামে পরিচিত।
১৩। পানিকে পুরোপুরি নিরাপদ করতে হলে কী করতে হবে?
উ: পানিকে পুরোপুরি নিরাপদ করতে হলে পানিকে ২০ মিনিটের বেশি সময় ধরে ফুটাতে হবে।
১৪। কয়েকটি পানিবাহিত রোগের নাম লেখ।
উ: কয়েকটি পানিবাহিত রোগের নাম হলো: ডায়রিয়া, আমাশয়, কলেরা ইত্যাদি।
১৫। উদ্ভিদ ও প্রাণীর দেহের শতকরা কত ভাগ পানি থাকে?
উ: উদ্ভিদের দেহের প্রায় ৯০ ভাগ পানি এবং মানবদেহের ৬০-৭০ ভাগ পানি থাকে।
শূন্যস্থান পূরণ ঃ
১।..............পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়ার মাধ্যমে নিরাপদ করা যায় না।
২। মানুষের ব্যবহারের জন্য পানিতে গ্রহণযোগ্য ও নিরাপদ করার ব্যবস্থাই হলো................।
৩। মাটিতে শোষিত পানি.............পানি হিসেবে জমা থাকে।
৪। মেঘের পানিকণা বড় হয়ে ............হিসেবে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে।
৫। সাগর ও নদীর পানি............হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়।
উত্তর: ১। আর্সেনিক যুক্ত ২। পানি বিশুদ্ধকরণ ৩। ভূগর্ভস্থ ৪। বৃষ্টিপাত ৫। বাষ্পীভূত
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
শহরের অনেক শিশু কেন গৃহহীন ?
হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
মানবাধিকার
১. জাতিসংঘ কত সালে ‘মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র’ অনুমোদন করেছে?
উ: ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর।
২. সকল সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারগুলোকে কী বলে?
উ: মানবাধিকার।
৩. মানবাধিকার রক্ষায় আমরা কী করতে পারি?
উ: সকলকে সচেতন করা এবং প্রয়োজনে প্রতিবাদ করা।
৪. কারা ছেলেদের মত শিক্ষার সুযোগ পায় না?
উ: মেয়েরা।
৫. কোন ক্ষেত্রে মেয়েরা ছেলেদের মতো সমান পারিশ্রমিক পায় না?
উ: কাজের ক্ষেত্রে।
৬. কারা যথাযথ পারিশ্রমিক, খাবার ও স্বাস্থ্যসেবা পায় না?
উ: বাড়িতে কাজে সহায়তাকারীরা।
৭. বাড়িতে কাজে সহায়তাকারীদের অনেক সময় কোথায় পাচার করে দেয়া হয়?
উ: আমাদের দেশ থেকে অন্য দেশে।
৮. নারী ও শিশুদের কোথায় পাচার করা হয়?
উ: বিদেশে।
৯. অনেক শিশু কেন শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়?
উ: পরিবারের অসচ্ছলতার কারণে।
১০. বাংলাদেশে কত বছরের নিচে শিশুশ্রম বেআইনি?
উ: ১৮ বছরের।
১১. অনেক সময় সামান্য বা বিনা কারণে কাদের শারীরিক নির্যাতন করা হয়?
উ: শিশুদের।
১২. শহরের অনেক শিশু কেন গৃহহীন ?
উ: পরিবারের সামর্থ্য না থাকায়।
১৩. কারা অন্যের স্পর্শে আঁতকে ওঠে এবং একই কাজ একটানা করতে থাকে?
উ: অটিস্টিক শিশু।
১৪. কারা শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ্য?
উ: অটিস্টিক শিশু।
১৫. কোনো কোনো অটিস্টিক শিশু অন্য শিশুদের মতোই কী করতে পারে?
উ: লেখাপড়া।
১৬. অটিস্টিক শিশুরা কোন কোন ক্ষেত্রে দক্ষ?
উ: ছবি আঁঁকা, অংক করা বা গান গাওয়া।
১৭. অটিস্টিক শিশুরা কোন কোন ক্ষেত্রে সংবেদনশীল?
উ: আলো, শব্দ, গতি, স্পর্শ, ঘ্রাণ বা স্বাদের ক্ষেত্রে।
১৮. অটিস্টিক শিশুদের প্রতি কেমন আচরণ করব না?
উ: যাতে তারা কষ্ট পায় এবং উত্তেজিত হয়।