আজকের ম্যাচে আমরা স্পষ্টভাবে ফেভারিট: সোহান

এশিয়া কাপে নিজেদের বাঁচা মরার লড়াইয়ে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮ টায় মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে টুইট করলেন বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। 

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) টুইটারে লিখেছেন, এশিয়া কাপে আজকের ম্যাচে আমরা স্পষ্টভাবে ফেভারিট। আমাদের প্রথম সারির বোলিং, ব্যাটিং আর টিম এফোর্ট দেখানো শুধু সময়ের ব্যাপার, ইনশাল্লাহ। মাঠে দেখিয়ে দেবো কোন দল সেরা।

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের কাছে ৮ উইকেটে হারে শ্রীলঙ্কা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লঙ্কান অধিনায়ক দাসুন শানাক বলেন, বাংলাদেশ দলে সাকিব ও মুস্তাফিজ ছাড়া কোনো বিশ্বমানের বোলার নেই। আর এই কথার রেশ ধরেই শ্রীলঙ্কাকে খোঁচা দেন বাংলাদেশ দলে ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। 

বুধবার (৩১ আগস্ট) তিনি বলেন, শ্রীলঙ্কা দলে সাকিব মুস্তাফিজ মানের কোনো বোলার নেই। এরপর কথা কথার লড়াইয়ে যোগ দেন লঙ্কান কিংবদন্তি ব্যাটার মাহেলা জয়াবর্ধনা। তিনি টুইটারে শ্রীলঙ্কা দলের ক্রিকেটারদের নিজের জাত ও ক্লাস চেনাতে বলেন। 

২০১৮ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ চলাকালীন সময়ে লঙ্কান ক্রিকেটারদের সাথে বাকবিতণ্ডায় জড়িরেছিলেন সোহান।

উল্লেখ্য, ইনজুরির কারণে এবার এশিয়াকাপে বাংলাদেশ দলে নেই নুরুল হাসান সোহান।