আমরা কমমূল্যে দ্রুতগতির ইন্টারনেট দেওয়ার চেষ্টা করছি: টেলিযোগাযোগ মন্ত্রী

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বেসরকারি আইএসপি’র চাইতে কমমূল্যে আমরা সেবা দেওয়ার চেষ্টা করছি, যেন গ্রাহকরা সহজেই বিটিসিএল’র জিপন সার্ভিস সুবিধা গ্রহণ করতে পারে। লাইনে তামার তারের পরিবর্তে জিপন অপটিক্যাল ফাইবার দিয়ে দ্রুতগতিতে ইন্টারনেট সেবা দিচ্ছি যার ফলে সেবার গুণগত মানও সম্প্রসারিত হয়েছে। বর্তমানে যে কারো সাথে প্রতিযোগিতা করে সবচেয়ে সাশ্রয়ী মূল্যে সংযোগ দেওয়ার সক্ষমতা আমাদের আছে। 

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ টেলিফোন এক্সচেঞ্জ (বিসিটিএল’র জিপন সার্ভিস) পরিদর্শনকালে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, টিএনটি অপ্রচলিত প্রযুক্তিতে পরিণত হয়েছে। আমরা যেভাবে টেলিফোন দিচ্ছিলাম সেইভাবে টেলিফোন এখন আর ব্যবহৃত হওয়ার নয়। মোবাইলের যুগ আসার পর মানুষ টিএনটি’র ফিক্সফোন ব্যবহার বন্ধ করে দিয়েছে। আমরা সে জায়গায় পরিবর্তন আনার চেষ্টা করছি। আমরা এখন টেলিফোন টু টেলিফোন ভ্যাট-ট্যাক্সসহ মাসিক ১৭৩ টাকা মূল্যে সংযোগ দিচ্ছি, যেখানে যতখুশি কল করা যায়। 

এসময় ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তীসহ টেলিফোন এক্সচেঞ্জ অফিসের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।