শ্রীলঙ্কাকে ১৮৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

এশিয়া কাপে ডু অর ডাই ম্যাচে শ্রীলঙ্কাকে ১৮৪ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের এটিই সর্বোচ্চ স্কোর। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এ নিয়ে দ্বিতীয়বার ১৮০ পেরোলো বাংলাদেশ।

উদ্বোধনী ব্যাটার হিসেবে মিরাজ সাব্বিরকে পাঠায় বাংলাদেশ। শুরুতেই সাব্বিরের উইকেট হারায় টাইগাররা। ইনিংসের তৃতীয় ওভারে আসিতা ফার্নান্ডোর বলে উইকেটরক্ষকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। 

এরপর ক্রিজে আসেন সাকিব আল হাসান। সাকিবকে নিয়ে দারুন ব্যাটিং করেন মিরাজ। ২৬ বলে ৩৮ রান করে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি। এরপর দ্রুতই মুশফিকের উইকেট হারায় বাংলাদেশ। 

সাকিব আফিফকে ইনিংস লম্বা করার হাল ধরেন। দলীয় ৮৭ রানে ব্যক্তিগত ২২ বলে ২৪ রান করে মহীশ তিকসানার বলে বোল্ড হন তিনি। 

এরপর ক্রিজে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ। আফিফকে সঙ্গে নিয়ে রানের গতি বাড়ান। ১৬ ওভার ৪ বলে  দলীয় ১৪৪ রানে আউট হন আফিফ। ব্যক্তিগত ২২ বলে ৩৯ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর দ্রুতই মাহমুদুল্লাহ ও শেখ মেহেদির উইকেট হারায় বাংলাদেশ।  

এরপর মোসাদ্দেক সৈকত তাসকিনকে নিয়ে ইনিংস শেষ করেন। মোসাদ্দেক ৯ বল ঝড়ো ২৪ রানের সুবাদে ১৮০ পেরোয় বাংলাদেশ। তাসকিন ৬ বলে ১১ রানে অপরাজিত থাকেন।