স্কুলে ও ক্লাসে তোমরা যেরূপ পরীক্ষা দিয়েছো পাবলিক পরীক্ষাটিও তদ্রুপই দেখবে

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছ। যারা পরীক্ষায় অংশ নিচ্ছে তারাও তোমাদেরই মতো। তোমাদের পাঠ্যবইয়ের কলেবরটি খুব একটা বড় নয়। প্রশ্নকাঠামোও জটিল নয়। বইয়ের ভেতরের তথ্যগুলো মনে থাকলে  ও  অধ্যায়গুলো ভালোভাবে পড়া থাকলে পরীক্ষা তোমার নিকট কিছুই মনে হবে না।  এ পরীক্ষা নিয়ে তোমরা কোনো রকম ভয় পাবে না, টেনশন করবে না। মনে রাখবে, প্রতিটি বিষয়ের বেশির ভাগ প্রশ্ন তোমার পড়া পাঠ্যবইয়ের ভেতর থেকেই থাকবে। পরীক্ষায় ভালো করার ক্ষেত্রে পাঠ্যবই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই ভালো করে পাঠ্যবইটি পড়ে যাও। বারবার মূলবইগুলো রিভিশন দাও মনোযোগ দিয়ে। দেখবে, সাফল্য আসবেই। মনে আত্মবিশ্বাস রেখো। দেখবে, পরীক্ষা খুব  ভালো হবে। অযথা কোনো রকম দুশ্চিন্তা করবে না। সময়কে একটু গুরুত্ব দাও। কয়েকটা দিন পড়াকেই প্রধান কাজ হিসেবে মনে করো। পরীক্ষার আগে বেশি রাত জেগে পড়াশোনা করবে না।

তোমাদের সাফলতা কামনা করি।