ঢাবি ছাত্রীকে তুলে নেওয়া ব্যক্তিকে খুঁজছে ডিবি

পুলিশ পরিচয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে তুলে নেওয়া ব্যক্তিকে খুঁজছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, গত ২৫ আগস্ট দুপুরে ঢাবির ওই ছাত্রী রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে রিকশাযোগে বাসায় যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলে আসা এক ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে তার গতিরোধ করেন এবং তার ব্যাগে অবৈধ জিনিসপত্র রয়েছে বলে তাকে থানায় যাওয়ার কথা বলেন। এরপর ওই ছাত্রীকে রিকশা থেকে নামিয়ে মোটরসাইকেলে তুলে তুরাগ থানার দিয়াবাড়ির নির্জন এলাকায় নিয়ে যান। পরে ছুরিকাঘাতের ভয় দেখিয়ে ওই ছাত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল ছিনিয়ে নেন। এ সময় তাদের পাশ দিয়ে মোটরসাইকেলে করে যাওয়া এক ব্যক্তি এগিয়ে আসলে পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তি দ্রুত পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রী তুরাগ থানায় মামলা করেন। এরপর থেকে ডিবি পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং জড়িত ব্যক্তিকে  গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে। যে পথে ভিকটিমকে নিয়ে যাওয়া হয়েছে সেই পথের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে।

গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আশাকরি, দুই-তিন দিনের মধ্যে ঘটনার রহস্য উন্মোচন করা সম্ভব হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোর্শেদ আলম বলেন, ঘটনাটি আমরা সর্বোচ্চ গুরুত্বসহকারে তদন্ত করছি। অপহরণকারী ও তার মোটরসাইকেলটি শনাক্ত করতে আমাদের কাজ চলছে।