সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা লেগেই আছে। এরই মধ্যে চীনা প্রযুক্তি সংস্থাগুলোতে মার্কিন বিনিয়োগকে সীমাবদ্ধ করতে বেশকিছু পদক্ষেপ বিবেচনা করছে বাইডেন প্রশাসন। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ সংস্থা ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
শুক্রবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক মার্কিন কর্মকর্তা জানান, আগামী মাসে বাইডেনের স্বাক্ষরিত একটি নির্বাহী আদেশ আসবে, যেখানে চীন প্রযুক্তি সংস্থাগুলোতে বিনিয়োগের সীমাবদ্ধতাগুলো উল্লেখ করা থাকবে।
ব্লুমবার্গের ওই প্রতিবেদনে বলা হয়েছে, জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের বিরুদ্ধে একটি পৃথক পদক্ষেপ নেওয়া হতে পারে। বাণিজ্য বিভাগে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের জন্য ব্যবহৃত চীনা চিপগুলোর বিষয়ে আরও বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলে জানান ওই কর্মকর্তা। একই সঙ্গে চীন শিল্পে সম্ভাব্য বিনিয়োগে আইন প্রণয়নের বিষয়ে আলোচনা করছে হোয়াইট হাউস ও কংগ্রেস।
ওই কর্মকর্তা আরও বলেছেন, আলোচনা করা বিকল্পগুলোর মধ্যে একটি হলো এমন এক সিস্টেমের প্রতিষ্ঠা করা যা যুক্তরাষ্ট্রের সরকারকে সম্পূর্ণরূপে বিনিয়োগ বন্ধ করার ক্ষমতা দেবে।
নির্বাহী আদেশটি একটি বৃহত্তর কৌশলের অংশ বলে উল্লেখ করেছেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়ার কাছে সেমিকন্ডাক্টর বিক্রি বন্ধ করেছে।