এক্সিলেন্সি অ্যাওয়ার্ড পেলেন হাসান আহমেদ কিরণ

বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য আটজন বিশিষ্ট ব্যক্তিকে এক্সিলেন্সি অ্যাওয়ার্ড প্রদান করেছে রোটারি ক্লাব অব উত্তরা। গত শুক্রবার রাতে উত্তরা ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ এ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলও ভোকেশনাল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড। ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণকে এটি প্রদান করা হয়। তরুণ প্রজন্মের মাঝে বিতর্ক চর্চার মাধ্যমে গণতন্ত্রকে সুসংহত করতে বিশেষ অবদানের জন্য তাকে এই পদক প্রদান করা হয়েছে। বিতর্ক চর্চার মাধ্যমে তিনি গত ২৫ বছরেরও বেশী সময় ধরে একটি সুন্দর ও গ্রহণযোগ্য গণতান্ত্রিক বাংলাদেশ তৈরির লক্ষে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

এছাড়া অ্যাওয়ার্ড প্রাপ্ত অন্যান্যরা হলেন- সিপিডি’র সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, ঢাকা কলেজের সাবেক প্রিন্সিপাল বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জাহানারা বেগম, অনুসন্ধান সাংবাদিকতায় যমুনা টিভির বিশেষ প্রতিনিধি মোহসীন-উল হাকিম প্রমুখ। 

রোটারিয়ান সৈয়দ শাহ নাজমুল হক রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রোটারি ক্লাবের জেলা গভর্নর ইঞ্জিনিয়ার এম এ ওহাব, ক্লাব সভাপতি মো. সামছুল করিম রুকু,বিদায়ী সভাপতি জুলহাস আলম প্রমুখ।