পায়রাবন্দে মাটির নিচ থেকে মিললো ৩৩ কেজির প্রত্নতত্ত্ব নিদর্শন

মিঠাপুকুরের পায়রাবন্দে মসজিদ পূনঃনির্মাণের জন্য খননকালে ৩৩ কেজি ওজনের তিনটি প্রত্নতত্ত্ব নিদর্শন উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ৩ জন নির্মাণ শ্রমিকের কাছ থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে বেগম রোকেয়ার পারিবারিক পায়রাবন্দ জামে মসজিদ পূনঃনির্মাণ কাজের জন্য খনন কাজ চলছে। গত সোমবার এ কাজের উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। কাজ চলাকালীন তিনটি বস্তু পায় নির্মাণ শ্রমিকরা। রহস্যজনক কারণে বস্তুগুলোর খোঁজ পাওয়ার খবর গোপন রাখেন তারা।

শনিবার বিষয়টি প্রকাশ পেলে ওই তিনটি বস্তু উদ্ধার করে পুলিশ। সেগুলো দেখতে সেখানে ভিড় জমায় শত শত মানুষ। উদ্ধার হওয়া বস্তু তিনটির ওজন ৩৩কেজি বলে জানিয়েছে পুলিশ।

মসজিদ কমিটির মোতয়াল্লী রাজু আহম্মেদ বলেন, কিছুদিন হলো মসজিদটি পুনঃনির্মাণের জন্য কাজ শুরু করা হয়। খননের সময় ৩ জন শ্রমিক পেয়েছিল এসব। বিষয়টি প্রকাশ হলে পুলিশ সেগুলো উদ্ধার করে। তবে প্রকৃতপক্ষে এগুলো কি তা এখনো স্পষ্ট নয় কেউ। উদ্ধার হওয়া প্রত্নতত্ত্ব নিদর্শন গুলো পারাবন্দে বেগম রোকেয়ার স্মৃতিকেন্দ্রে রাখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, উদ্ধার হওয়া বস্তুগুলো কি তা এখনো জানা যায়নি। আমরা সেগুলো রংপুর জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছি। উদ্ধার হওয়া ওই তিনটি বস্তুর ওজন ৩৩ কেজি বলেও জানান তিনি।