আখাউড়া সীমান্তের কাছে মালিকবিহীন ১৬ লাখ টাকা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী বাউতলা এলাকা থেকে মালিকবিহীন ১৫ লাখ ৭৫ হাজার বাংলাদেশি টাকা উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে এ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

আখাউড়া চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার কামাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) গংগাসাগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. নাজির আহমেদের নেতৃত্বে টহল দল সীমান্ত পিলারের ৫০ গজ দূরে বাউতলা মাঠ নামক স্থান থেকে একটি ব্যাগে রাখা প্রায় ১৬ লাখ টাকা উদ্ধার করে জব্দ করেন।

নায়েক সুবেদার কামাল আহমেদ জানান, গোপন খবর আসে বাউতলা সীমান্ত দিয়ে বিকেলে বিপুল পরিমাণে হুন্ডির টাকা লেনদেন হবে। এরপর সীমান্ত এলাকায় এলাকায় টহল জোরদার করা হয়। সন্ধ্যার আগে বাউতলা এলাকায় মালিকবিহীন অবস্থায় ১৫ লাখ ৭৫ হাজার বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।