নোয়াখালীর সেনবাগ উপজেলার এনায়েতপুর গ্রামের চাঞ্চল্যকর ইসমাইল হোসেন মিনু হত্যা মামলার নয় বছর পর পলাতক মামলার প্রধান আসামি নাছির উদ্দিনকে (৪২) গ্রেফতার করেছে সেনবাগ থানার পুলিশ। বুধবার দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে নোয়াখালীতে জেলহাজতে পাঠানো হয়। নাছির উদ্দিন উপজেলার ডমুরুয়া ইউপির পদুয়া গ্রামের লকিয়ত উল্লার ছেলে।
পুলিশ জানায়, ২০০৮ সালের ২০ জুলাই গভীর রাতে ইসমাইল হোসেন মিনুকে মোবাইল ফোনে ডেকে নিয়ে খুন করা হয়। পরে তাকে সেনবাগ উপজেলার অর্শ্বদিয়া বাজারের পূর্ব পাশের এনায়েতপুর গ্রামের বেছুর বাড়ির গেটের ছাদে ফেলে রেখে যায় হত্যাকারীরা। সকালে বাড়ির মালিক বেছু মিয়ার স্ত্রী ফাতেমা বেগম ঘুম থেকে উঠে গেটের ছাদে একটি লাশ দেখতে পান। এ সময় সে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে ইসমাইল হোসেন মিনুর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুন: মহাসড়কের পাশে গাড়িচালকদের জন্য বিশ্রামাগার স্থাপন করা হবে: কাদের
এরপর ২১ জুলাই নিহতের ভাই নয়ন বাদী হয়ে সেনবাগ থানায় অজ্ঞাত লোককে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ এক বছর তদন্তের পর পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করে। এরপর আদালতে পুলিশের দাখিল করা প্রতিবেদনের বিরুদ্ধে বাদী নারাজি দিলে আদালত তা গ্রহণ করে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিতে প্রেরণ করেন।
সিআইডির এসআই জয়নাল আবেদিন দীর্ঘ ১৮ মাস তদন্ত করে ১০ জনকে আসামি করে প্রতিবেদন দাখিল করে। তাদের মধ্যে নাছির উদ্দিন ১ নম্বর আসামি। দীর্ঘ নয় বছর সে পলাতক ছিল। বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে সেনবাগ থানার এস আই সৌরজিৎ বড়ুয়ার বাড়ি থেকে গ্রেফতার করে।
ইত্তেফাক/জেডএইচডি