ভারতের টাটা সন্সের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মহারাষ্ট্রের পালঘরের কাছে রবিবার (৪ সেপ্টেম্বর) এই দুর্ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।
ভারতের গুজরাটের আহমেদাবাদ থেকে নিজের মার্সিডিজ গাড়িতে করে গতকাল রবিবার মহারাষ্ট্রের মুম্বাইয়ে ফিরছিলেন টাটা সন্সের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি। মহারাষ্ট্রের পালঘরের কাছাকাছি সূর্য নদীর সেতুর ওপরে এলেই গাড়ি ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মৃত্যু হয় তার।
পুলিশ জানিয়েছে, দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তারা প্রাথমিকভাবে ধারণা করছেন এটি একটি দুর্ঘটনা।
সাইরাসের সঙ্গে গাড়িতে আরো দুজন ছিলেন। তাঁদের উদ্ধার করে গুজরাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২০০৬ সালে টাটা সন্স বোর্ড থেকে তার বাবা পালোনজি মিস্ত্রি অবসরের পর সাইরাস টাটা বোর্ডে যোগ দেন। ছয় বছর পর ২০১২ সালে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে রতন টাটা সরে যান। তার পরই সেই পদে আসেন সাইরাস। তিনি সাপুরজি পালোনজি গোষ্ঠীর প্রতিনিধি। টাটা সন্সের সবচেয়ে বেশি শেয়ারও ছিল তার হাতে।
২০১৬ পর্যন্ত চেয়ারম্যান পদে ছিলেন সাইরাস। ওই বছরেই টাটা সন্স বোর্ড তাকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে নটরাজন চন্দ্রশেখরনকে সেই দায়িত্ব দেয়।