গাজীপুরে ডেগেরচালা-ঝাজর সড়কের ছয়দানা মোড়ে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত ছাড়াও পথচারীদের ভোগান্তির সৃষ্টি হয়েছে।
সড়ক ঘুরে দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহ সড়কসংলগ্ন হারিকেন ফ্যাক্টরির পূর্ব পাশের ব্যস্ততম ডেগেরচালা-ঝাজর সড়কটি ঢাকা বাইপাস সড়কে গিয়ে মিশেছে। এই সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন যানবাহন ছাড়াও কলকারখানার পণ্যবাহি গাড়ি, শ্রমিক-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ যাতায়াত করে। কিন্তু ঐ সড়কের ছয়দানা মোড়ে ব্যাপক জলাবদ্ধার কারণে ঝুঁকি নিয়ে তাদের যাতায়াত করতে হচ্ছে। প্রায়ই যানবাহন পানির নিচে থাকা গর্তে পড়ে উলটে যাচ্ছে। পথচরী ও যাত্রীদের জামা-কাপড় ভিজে নষ্ট হচ্ছে। স্থানীয় লোকজনের অভিযোগ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঐ মোড়ে বিআরটি প্রকল্পের খামখেয়ালির কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, জলাবদ্ধতার স্থানটি নিচু ও ভাঙাচোরা হওয়ায় এবং ঐ স্থানে ড্রেন না থাকায় আশপাশের কারখানার ও বাড়িঘরের পানি এসে ঐ স্থানে জমা হয়। বিষয়টি দেখার দায়িত্ব সিটি করপোরেশনের। তবে সিটি করপোরেশন বলছে, এটি বিআরটি প্রকল্পের কাজ।
পাশের স্যাম্পল গার্মেন্টসের শ্রমিক জয়নাল আবেদীন বলেন, পানির কারণে অনেক পথ ঘুরে তাদের কারখানায় আসতে হয়। কয়েক ট্রাক মাটি ফেললেই জলাবদ্ধতা নিরসন হয়। অথচ এ ব্যাপারে কোনো উদ্যোগ নেই। স্থানীয় বাসিন্দা হযরত আলী মাস্টার বলেন, এলাকাটি গাজীপুর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডে পড়েছে। জলাবদ্ধতার বিষয়টি এলাকার কাউন্সিলরকে জানানো হয়েছে।
এ প্রসঙ্গে ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম জানান, ডেগেরচালা সড়কের ঐ স্থান বিআরটি প্রকল্পের অধীনে। সড়ক নির্মাণের সময় ড্রেন অসম্পূর্ণ থাকায় পানি সড়তে পারছে না। বিষয়টি বিআরটির কর্মকর্তাদের জানানো হয়েছে।