রাইস মিলের সাইলো ভেঙে ৩ শ্রমিক নিহত

টাঙ্গাইলের গোপালপুরের ডুবাইলে একটি অটোমেটিক রাইসমিলের সাইলো ভেঙে ৩ শ্রমিক নিহত হয়েছেন। রবিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ৪ শ্রমিক আহত হয়েছেন।  

নিহতরা হলেন কুড়িগ্রামের ঘোরাহারা গ্রামের নুরুল ইসলাম, একই জেলার ভবদার বাজার গ্রামের নাজমুল ওরফে আরিফ এবং নাইমুল ইসলাম। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকালে একতা এগ্রোফুড প্রোডাক্টস লিমিটেড নামের ওই রাইসমিলে নতুন সাইলো ও ক্রাসার মেশিন সংযোজন করা হয়। তিন শিফটে কাজ চলা কারখানার রাতের শিফটের ৬ কর্মী কাজ শুরু করেন। রাত ৯টায় বিকট শব্দে সাইলো, ক্রাসার মেশিন প্রায় এক হাজার মণ বস্তাবন্দি চালসহ ভেঙে পড়ে। কর্মরত শ্রমিকরা সবাই এর নিচে চাপা পড়েন। 

গোপালপুর থানার ওসি মোশারফ হোসেন বলেন, ‘খবর পেয়ে থানা পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। গুরুতর আহত নুরুল ইসলামকে গোপালপুর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আর অপর ২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।’ 

এদিকে, গোপালপুর ও মধুপুর উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট মধ্যরাত পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েছে।