বিরামপুরে মাল্টা চাষে আগ্রহ বাড়ছে

বিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাল্টা চাষ হচ্ছে। এবার উপজেলার ৬০টি বাগান ও কৃষকদের পতিত জমিতে লাগানো গাছে মাল্টার ভালো ফলন হয়েছে। মাল্টা চাষ লাভজনক হওয়ায় এ চাষে আগ্রহী হয়ে উঠছেন উপজেলার কৃষকরা। 

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে উপজেলায় মাল্টার কোনো চাষ না হলেও বর্তমানে উপজেলার প্রায় ৬০ বিঘা জমিতে মাল্টা বাগান গড়ে উঠেছে।

মুকুন্দপুর ইউনিয়নের পটুয়াকোল গ্রামের নূর ইসলাম মিঠু জানান, কৃষি বিভাগের আহ্বানে সাড়া দিয়ে তিনি চার বছর আগে ২৫০টি মাল্টা গাছ রোপণ করেন। দুই বছর পর ফল ধরতে শুরু করে এবং বর্তমানে প্রতিটি গাছে গড়ে ৬০-৭০ কেজি হারে মাল্টা ধরেছে। ব্যবসায়ীরা বাগান থেকে ৩ হাজার ২০০ টাকা মণ দরে মাল্টা কিনে নিয়ে যাচ্ছেন। মিঠু আরো জানান, পরিচর্যা খরচ বাদে মাল্টা বাগান থেকে তিনি এবার ১০/১২ লাখ টাকা আয় করতে পারবেন। 

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল জানান, তিনি আসার পর উপজেলায় মাল্টা চাষের সূচনা হয়েছে। বর্তমানে চাষিরা ব্যাপক হারে মাল্টার বাগান করছেন। মাল্টা চাষে অধিক লাভ ও সাফল্য দেখে কৃষকরা নতুন নতুন বাগান তৈরিতে আগ্রহী হয়ে উঠছেন।