বাংলা গানের চিরস্মরণীয় গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে হাজির হয়েছিলেন সংগীত ও অভিনয় জগতের তারকারা। গুণী এই গীতিকবিকে শেষবার দেখতে সেখানে হাজির হয়েছিলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন।
শহীদ মিনারে দাঁড়িয়ে কান্না জড়ানো কণ্ঠে সাবিনা ইয়াসমিন বলেন, ‘হঠাৎ খবরটা পাওয়ার পর কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। মনকে মানাতে পারছিলাম না। গাজী ভাই ও তার পরিবারের সঙ্গে আমার ৫০ বছরের বেশি সময় ধরে সম্পর্ক। কত স্মৃতি, কত রকম কথা, কত গান, কোনটা ছেড়ে কোনটা বলবো!’
তার কথায়, ‘গাজী মাজহারুল আনোয়ার ২০ হাজারের মতো গান লিখেছেন। আমার মনে হয় এরমধ্যে আমিই ৬-৭ হাজার গান গেয়েছি। গাজী ভাই, সত্যদা (সত্য সাহা) আমরা একটি টিমের মতো ছিলাম। একসঙ্গে অসংখ্য গান করেছি। কত ঘটনা, কত স্মৃতি, এগুলো এখন বলাও সম্ভব না। এই দিনটা যে এভাবে দেখতে হবে, কল্পনাও করিনি কখনও।’
প্রসঙ্গত, রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান গাজী মাজহারুল আনোয়ার। আজ সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেওয়া হয়। সেখান থেকে দুপুরে শেষবারের মতো এফডিসিতে নেওয়ার হয়। এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় কালজয়ী গুণী এই ব্যক্তিত্বকে। সেখানে জানাজা শেষে
বাদ বনানী কবরস্থানে চিরনিদ্রয় শায়িত গাজী মাজহারুল আনোয়ার।