বদলগাছীতে সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকরা

নওগাঁর বদলগাছীতে ইউরিয়া সার না পেয়ে ক্ষুব্ধ উপজেলা কৃষকেরা। রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বদলগাছী উপজেলার বদলগাছী সদর ইউপিতে ইউরিয়া সার দেওয়া হবে জেনে বদলগাছী ইউনিয়নের কৃষকেরা ভিড় জমাতে থাকে ডিলারদের কাছে। সার কম থাকায় অনেকেই পাননি প্রয়োজনীয় সার। 

জানা গেছে, সকাল থেকে সার দিতে গিয়ে ডিলাররাও পড়েন বিড়ম্বনায়। বেশিরভাগ কৃষকেরই নেই কৃষি কার্ড। কৃষি কার্ড ছাড়া সার দেওয়া হবেনা জানান ডিলার ও বিএসেরা। এই নিয়ে গণ্ডগোল শুরু হলে ঘটনাস্থল থেকে চলে যান বদলগাছী ইউপির বিএস। পরিস্থিতি সামাল দিতে থানায় খবর দেওয়া হয়। 

আবার কোথাও কোথাও গ্রাম পুলিশের সহায়তায় বরাদ্দকৃত সার সুষ্ঠুভাবে কৃষি কার্ড দেখে কৃষকদের মধ্যে বিতরণ করা শুরু হয়। সার শেষ হলে ঘর বন্ধ করে দেন ডিলার।  সার শেষ হলেও অনেক কৃষকদেরই সার না পেয়ে বিকাল পর্যন্ত ডিলারদের ঘরের সামনে বসে থাকা দেখা যায়।  

এ ব‍্যাপারে কয়েকজন কৃষক বলেন, জমিতে আমন ধান লাগিয়েছি প্রয়োজনের তুলনায় কম সার পাচ্ছি। সময় মতো জমিতে সার না দিতে পারলে ক্ষতির সম্মুখীন হয়ে পড়বো। 

সার নিতে আসা কাদের, বেলাল, জাফের আলী বলেন, খোলা বাজারে ইউরিয়ার দাম বেশি তাই সার নিতে দীর্ঘ লাইনে দাড়িয়ে আছি। কিন্ত যারা বর্গাচাষী তাদের সার জমির মালিক তার কৃষি কার্ড দিয়ে তুলে নিচ্ছে ফলে তারা পড়েছে বিপাকে।  

এ ব‍্যপারে বদলগাছী সদর ইউনিয়নের বিএস সাহার আলী বলেন, কৃষকরা বেশি আসাতে কৃষকদের সঙ্গে কৃষকদের তর্কবিতর্ক  হয়। 

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) একমাত্র পরিবেশক জিতেন্দ্রনাথ মণ্ডল বলেন, সকাল থেকে কৃষকরা সার নিতে সমবেত হতে থাকে। তারা কোন কথাই শোনে না। কৃষকরা একত্রিত হয়ে উত্তেজনা সৃষ্টি। তাই থানায় খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।  

এ ব‍্যপারে কৃষি অফিসার কৃষিবিদ হাসান আলী বলেন, বদলগাছী ইউপিতে ২০টন ইউরিয়া ও আধাইপুর ইউপিতে ২০টন ইউরিয়া বরাদ্দ আছে। আগামীতে এই পরিস্থিতি থাকবে না। সার কম বরাদ্দ আসায় একটু বেগ পেতে হচ্ছে। তবে এ সমস্যা থাকবে না।