রামপাল বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন শেখ হাসিনা-নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে বাংলাদেশের খুলনার রামপালে নির্মিত মৈত্রী বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেছেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ১ হাজার ৩২০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রটির ইউনিট-১ ভার্চুয়ালি উদ্বোধন করেন তারা।

এছাড়া আরও ৪টি প্রকল্পের উদ্বোধন করেছেন তারা। এর মধ্যে রয়েছে রূপসা নদীর ওপর রেল সেতু, খুলনা-দর্শনা ও পার্বতীপুর-কাউনিয়া রেলপথ।

ভারতের লাইন অব ক্রেডিটের অধীনে ১ দশমিক ৬ বিলিয়ন ডলারসহ মোট ২ বিলিয়ন ডলারে রামপাল বিদ্যুৎকেন্দ্র তৈরি হচ্ছে।

৫ দশমিক ১৩ কিলোমিটার রূপসা রেলসেতুটি ৬৪ দশমিক ৭ কিলোমিটার খুলনা-মোংলা বন্দর সিঙ্গেল ট্র্যাক ব্রডগেজ রেল প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি প্রথমবারের মতো মোংলা বন্দরকে খুলনার সঙ্গে রেলপথে যুক্ত করবে।

রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে স্বাগত জানান নরেন্দ্র মোদি। ছবি: ফোকাস বাংলা

খুলনা দর্শনা রেললাইন সংযোগ প্রকল্পটি বর্তমান (ব্রডগেজ দ্বিগুণ) অবকাঠামোর একটি আপগ্রেডেশন, যা গেদে-দর্শনা থেকে খুলনার বর্তমান ক্রস বর্ডার রেল সংযোগকে সংযুক্ত করবে। 

পার্বতীপুর-কাউনিয়া রেললাইনটি বিদ্যমান মিটারগেজ লাইনকে ডুয়েলগেজ লাইনে রূপান্তরের জন্য ব্যয় ধরা হয়েছে ১২০ দশমিক ৪১ মিলিয়ন ডলার। প্রকল্পটি দিনাজপুরের বিরল ও পশ্চিমবঙ্গের রাধিকাপুরের বিদ্যমান ক্রস বর্ডার রেলের সঙ্গে সংযোগ স্থাপন করবে এবং দ্বিপক্ষীয় রেল সংযোগ বাড়াবে। 

বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের রেল ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দর্শনা জারদোশ। ছবি: ফোকাস বাংলা

এর আগে চার দিনের সফরে সোমবার (৫ সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বহনকারী বিমানটি দুপুর সাড়ে ১২টা দিকে দিল্লি বিমানবন্দরে নামে। এ সময় তাকে স্বাগত জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা জারদোশ।