সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সৈয়দপুর থানা পুলিশ সায়েদ আলী নামে এক যুবককে গ্রেফতার করেছে। মঙ্গলবার বিকেলে শহরের হাতিখানা মহল্লার বাফাজউদ্দিন সড়কস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সায়েদ ওই মহল্লার আব্দুল্লাহ মিয়ার ছেলে। সূত্রমতে, সায়েদ আলী সম্প্রতি ফেসবুকে সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি নজির হোসেনের নামে মানহানিকর তথ্য প্রচার করে। এ ঘটনায় ওই ছাত্রলীগ নেতা সৈয়দপুর থানায় নিজে বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ নজির হোসেনের দায়েরকৃত অভিযোগটি তদন্ত শেষে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় রুজু করে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল হাসনাত খান জানান, সায়েদ আলীকে আদালতে প্রেরণ করা হয়েছে। ২০১৭ সালের একটি মাদকের মামলায় সায়েদ আলীর নাম রয়েছে বলেও জানান তিনি।