বরিশালে স্ত্রীর যৌতুক মামলায় স্বামীর কারাদণ্ড

বরিশাল অফিস

স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় স্বামী মনির লস্করকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত।

বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জজ মো. আবু শামীম আজাদ মঙ্গলবার এই নির্দেশ দেন। মামলার নথি সূত্রে জানা গেছে, উজিরপুর থানার নারায়ণপুর গ্রামের মনির লস্করের সঙ্গে বাদী তানিয়া ইসলামের ২০১১ সালের ১৩ মার্চ বিয়ে হয়। একই বছরের ২ অক্টোবর ১ লাখ টাকা যৌতুক এনে দিতে বলেন স্বামী মনির। দিতে অস্বীকার করলে স্ত্রীকে মারপিট করে বাবার বাড়ি পাঠিয়ে দেন। এ ব্যাপারে স্ত্রী বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা দায়ের করেন।

আদালত সাক্ষ্যগ্রহণ শেষে আসামি মো. মনির লস্করকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।