সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনলাইনে শিক্ষক বদলি আবেদন শুরু হতে পারে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এই তথ্য বলে জানিয়েছেন।
আজ বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিকের শিক্ষক বদলি আগামী ১৫-২০ তারিখের মধ্যে শুরু করব। এটা অনলাইনে শুরু করা হবে।
সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান জানান, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে শিক্ষক বদলি চালু করব। এটা চালু না করলে আমরা সঠিক সংখ্যায় যেতে পারব না। পাইলটের রেজাল্টও ভালো। পাইল প্রকল্পের ছোটখাট ভুলগুলো আমরা সমাধান করেছি।
বদলি কোন প্রক্রিয়ায় হবে- জানতে চাইলে তিনি বলেন, এটা শুধু মহানগরে থাকছে না। প্রথমত আন্তঃউপজেলা, এরপর উপজেলার বাইরে। কারণ অপশন দেওয়া আছে যে, তার স্বামীর কর্মস্থল। নীতিমালা অনুযায়ী সফটওয়্যারে অপশন দেওয়া হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনলাইনে বদলি শুরু হয় গত ২৭ জুলাই। ওই দিন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সচিবালয় থেকে পাইলটিং কার্যক্রম হিসেবে গাজীপুরের কালিকৈর উপজেলার বদলি কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর ২৯ জুন ওই উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইনে বদলির পাইলটিং কার্যক্রম শুরু হয়। গত ১৫ জুলাই পর্যন্ত ২৩ জন আবেদন করেন। তাদের মধ্যে ১৭ জনের আবেদন গ্রহণ করে ইতোমধ্যে বদলি করা হয়েছে।