দেশে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত ২৭৯

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২৭৯ জন। তবে এ সময়ে কেউ মারা যায়নি। 

বুধবার (৭ সেপ্টেম্বর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত সোমবার তিনজন ও মঙ্গলবার পাঁচজন মারা যায়। তবে, আজ কেউ মারা যায়নি। এদিকে গত গত সোমবার ২০৮ ও মঙ্গলবার ২৮৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩১ জন মারা গেছে।

আজ বুধবারের প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ১৯৬ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরের বাসিন্দা ৮৩ জন। বর্তমানে দেশে ভর্তি থাকা সর্বমোট ৮৮৯ জনের মধ্যে ৭০৬ জন ঢাকার হাসপাতালে ভর্তি আছে। আর ঢাকার বাইরে রয়েছে সর্বমোট ১৮৩ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন সাত হাজার ৬৭৬ জন। এর মধ্যে ঢাকায় ছয় হাজার ২২৮ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সর্বমোট রোগী ভর্তি হয়েছে এক হাজার ৪৩২ জন। সর্বমোট ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ছয় হাজার ৭৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৩১ জনের।