বিশ্বকাপ জয়ের সামর্থ্য রয়েছে টাইগারদের: সুজন

এশিয়া কাপ থেকে বাংলাদেশ বিদায় নিয়েছে গ্রুপ পর্বেই। সংযুক্ত আরব আমিরাত থেকে ইতোমধ্যেই দেশে ফিরেছে টাইগাররা। আপাতত কদিন ছুটি কাটাচ্ছেন ক্রিকেটাররা। আগামী ১২ তারিখ থেকে মিরপুরে দলের টেকনিক্যাল কনসাল্ট্যান্ট শ্রীধরন শ্রীরামের ক্যাম্প শুরু হওয়ার কথা।

এর আগে আজ বুধবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তার মতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সক্ষমতাও রয়েছে বাংলাদেশ দলের।

বিগত অনেকদিন ধরেই বেশ খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছে টাইগার বাহিনী। এশিয়া কাপ দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন শুরুর কথা জানিয়েছিলেন ক্রিকেটার থেকে বোর্ডের কর্তারা। তবে কথায় আর কাজে মিল ছিলো না এশিয়া কাপে।

আফগানিস্তান আর শ্রীলঙ্কার সাথে হেরে এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে সাকিব আল হাসানের দল। তবে সুজনের আশা, এশিয়া কাপের ব্যর্থতা ভুলে আসন্ন ত্রিদেশীয় সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।

গণমাধ্যমের কাছে সুজন বলেন, ‘আমাদের লক্ষ্য টি-টোয়েন্টিতে উন্নতি করছি কি না। ছেলেদের মাথায় এই ফরম্যাটটা ছড়িয়ে দিতে চাই। অনেকেই আমাদের তাচ্ছিল্য করে এই ফরম্যাটের কারণে। আমাদের মধ্যে আত্মবিশ্বাস আছে অবশ্যই ভালো করার। আমি নিজে পজিটিভ মানুষ, তাই সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি। আমার মনে হয় সামনের বিশ্বকাপে চ্যাম্পিয়নও হতে পারি আমরা, যদিও সে রাস্তাটা মোটেও সহজ হবে না। হয়তো ৬ মাস কিংবা ১ বছর সময় লাগবে।’

টি-টোয়েন্টিতে আগ্রাসী এবং ভয়ডরহীন ক্রিকেট খেলা নিয়ে সুজন বলেন, ‘আমি চাই ব্যাটাররা সাহসিকতা নিয়ে খেলুক। এই ফরম্যাটের জন্য স্বাধীনতা নিয়ে আগ্রাসী ক্রিকেটটাই খেলতে চাই আমরা। আর এমনভাবে খেলার সময় প্রথম বলে আউট হতেই পারে ব্যাটার, যদিও সেটার কোন সমস্যা দেখছি না আমি। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ১-২টা ম্যাচ নাও জিততে পারি আমরা।’

এছাড়া দলের কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটয়ার এশিয়া কাপে না থাকাতেও দলের জন্য সমস্যা হয়েছে উল্লেখ করে সুজন বলেন, ‘ফিটনেস ঠিক হলে সবাই দলে ফিরবে। হাসান মাহমুদকে মিস করেছি। রাব্বি-সোহান-লিটন এরা সকলে ফিরলে দল আরও শক্তিশালী হবে।’

ইত্তেফাক/এসএস